প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে দিন বদল
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে আধুনিক বিশ্ব। সেই ছোঁয়ার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের কৃষি ও খাদ্য সমৃদ্ধ স্বদেশভূমি-বাংলাদেশ। আধুনিক প্রযুক্তির সেই ছোঁয়া এখন আমাদের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত খাদ্য-কৃষি ভা-ারখ্যাত শেরপুরের ঘরে ঘরে। বিশেষ করে প্রযুক্তির ছোঁয়ায় প্রতিনিয়ত আমূল বদলে যাচ্ছে এলাকার কৃষি। সেইসাথে প্রযুক্তিগত সহায়তায় বেশি লাভবান হচ্ছেন এলাকার উদ্যমী কৃষকরা। ফলে দিন বদল হচ্ছে কৃষকদের, গতি সঞ্চার হচ্ছে কৃষি অর্থনীতির।
কৃষি ও কৃষকের উন্নয়নের মাধ্যমে দেশের কৃষি নির্ভর অর্থনীতি মজবুত করার লক্ষ্যে সরকারের কৃষিবান্ধব নানামুখী কর্মসূচীর বদৌলতে উন্নয়নে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। হালে কৃষিক্ষেত্রে যোগ হওয়া এমনই এক প্রযুক্তি ব্যবস্থা হচ্ছে কমিউনিটি ও আদর্শ বীজতলা। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কল্যাণে শেরপুর অঞ্চলে ওই বীজতলা তৈরী ও চাষে কৃষকের মাঝে এখন ব্যাপক সাড়া জাগাচ্ছে। জেলার প্রতিটি উপজেলায় কমিউনিটি বীজতলা তৈরীতে কয়েক বছর ধরে আগ্রহ বেড়েই চলেছে। তবে নকলা উপজেলায় ওই বীজতলা তৈরীতে কৃষকরা বেশি ঝুঁকছেন। দিনদিন ওই পদ্ধতিতে বীজতলা তৈরীও জনপ্রিয় হয়ে উঠছে। কমিউনিটি বা আদর্শ বীজতলা তৈরী করায় কৃষকের ধান উৎপাদন খরচ ৩০ থেকে ৩৫ ভাগ কম লাগছে।
জেলা খামারবাড়ীর তথ্যমতে, চলতি বোরো মৌসুমে জেলার ৫ উপজেলায় হাইব্রীড, উফসী ও স্থানীয় জাতসহ মোট ৯১ হাজার ৬শ ৩৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। ওই লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ হাজার ৫৩৪ হেক্টর জমিতে সাধারণ বীজতলা তৈরীরও লক্ষ্যমাত্রা রয়েছে। ওই লক্ষ্যমাত্রার মধ্যে সদর উপজেলা ব্যতীত ৪টি উপজেলায় বিশেষ প্রকল্পের আওতায় ৮০টি কমিউনিটি বীজতলা এবং সদরসহ ৫টি উপজেলায় প্রায় ৫ শতাধিক আদর্শ বীজতলা রয়েছে। তারই আওতায় নকলা উপজেলায় হাইব্রিড জাতের ধান ৬ হাজার ৪৭৫ হেক্টর, উফসী জাতের ৬ হাজার ১৯৫ হেক্টর এবং স্থানীয় জাতের ৮০ হেক্টর জমিসহ মোট ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওই আবাদের জন্য ৮০৫ হেক্টর জমিতে বীজতলা করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক জমিতে বীজতলা তৈরি শেষ হয়েছে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২)’র আওতায় ২৫টি প্রদর্শনী প্লটের মাধ্যমে সাড়ে ৩ একর জমিতে ৫৮০ কেজি. ধানের বীজ কমিউনিটি বা আদর্শ পদ্ধতিতে বপন করা হয়েছে।
সরেজমিনে গেলে কথা হয় নকলা উপজেলার চরকৈয়া এলাকার কৃষক ফরিদুল ইসলাম, কৃষাণি ইয়াছমিন, ভূরদী গ্রামের কৃষক ছাইদুল হক, হেলাল উদ্দিন, কামাল হোসেন ও কুর্শাবাদাগৈড় এলাকার কৃষক লিয়াকত আলীসহ বেশ কয়েকজনের সাথে। তারা জানান, স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে কমিউনিটি বা আদর্শ পদ্ধতিতে যেকোন জমিতে বীজতলা তৈরি করতে পেরে তারা লাভবান হচ্ছেন। আদর্শ বীজতলা থেকে চারা তোলা সহজ এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোপন করা যায়। আগের পদ্ধতির চেয়ে কমিউনিটি পদ্ধতিতে বীজতলা তৈরি করলে বীজ, শ্রম, সার, জায়গা, সেচ ও সময়সহ খরচ অনেক কম লাগে। কিন্তু ফলন ভালো পাওয়া যায়। ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা কৃষক ছাইদুল বলেন, আগে ২ বিঘা জমিতে বোরো ধান লাগাতে ১২ থেকে ১৫ জন শ্রমিকের সারাদিন লাগত। আর এখন রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোপন করতে মাত্র কয়েক ঘন্টা লাগে। তাছাড়া বর্তমানে কৃষি শ্রমিক পাওয়া যায় না। তাই ওই বীজতলা উদ্ভাবনের ফলে কৃষকরা সময়, টাকা ও শ্রমসহ সবদিকে লাভবান হচ্ছেন। ফরিদুল ইসলাম বলেন, সনাতন পদ্ধতিতে যে জায়গায় ৫০ কেজি বীজ লাগত, সেখানে কমিউনিটি পদ্ধতিতে ৩৫ কেজি বীজ লাগে। তাতে বীজতলা তৈরী থেকে অন্যান্য সব মিলে এক হাজার ২শ টাকা খরচ কম হয়েছে। অথচ আগে ৫০ কেজি বীজের চারা দিয়ে ২.৫ একর জমি রোপন করা যেতো। আর কমিউনিটি বীজতলার ৩৫ কেজি বীজের চারা দিয়েও ওই জমিটুকু রোপন করা সম্ভব। তাছাড়া আগের চেয়ে ফলন ভালো হয়, সেবা যত্ন করাও সহজ হয়। খরচ প্রায় অর্ধেক লাগে। কৃষক হেলাল জানান, আগে বীজতলা তৈরি করতে নিচু এলাকায় অন্যের বীজতলার জমি লিজ নিতে হতো। তাতেও ক্ষতির সম্ভাবনা ছিল। কিন্তু কমিউনিটি পদ্ধতিতে যেকোন জায়গায় বীজতলা তৈরী করা যায়। এতে ক্ষতির সম্ভাবনাও কম। এই পদ্ধতিতে উৎপাদিত চারা ১২ থেকে ১৫ দিনের মধ্যে রোপন উপযোগী হয় এবং ফলন অনেক ভালো হয়।
জেলা খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন বলেন, কৃষি বিভাগের তরফ থেকে কয়েক বছর ধরে কমিউনিটি বা আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করতে কৃষককে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য বীজতলা তৈরির মৌসুমে ছুটির দিনেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাঠে ঘুরতে হচ্ছে। ওই পদ্ধতিতে সুস্থ-সবল চারা উৎপাদিত হচ্ছে। এতে ওইসব কৃষকরা বেশি লাভবান হওয়ায় অন্যান্য কৃষকরাও নিজ উদ্যোগে কমিউনিটি ও আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরীর দিকে ঝুঁকছেন। ফলে আগামী কয়েক বছরের মধ্যে জেলার সর্বত্র ওই পদ্ধতি ব্যবহারের সম্ভাবনা দেখা দিয়েছে। আর এটি হলে কৃষিসমৃদ্ধ শেরপুর অঞ্চলের কৃষি অর্থনীতির সচলতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
-রফিকুল ইসলাম আধার।



























