শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভূমি অফিসের ভবনের একাংশ, আসবাবপত্র এবং নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। উপজেলার এ ইউনিয়ন ভূমি অফিসে মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের ভূমি অফিস হিসেবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ভূমি অফিসের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, ২৫ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারস্থ রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কাজকর্ম শেষে অফিস তালাবদ্ধ করে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। এরপর বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা দেখতে পান ভূমি অফিস থেকে ধোয়া বের হচ্ছে। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ভূমি অফিসের ভেতরে রাখা সকল কাগজপত্র ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের একাংশ। খবর পেয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ জানান, কে বা কারা আগুন দিয়েছে তা আমরা দেখিনি, তবে এটা নাশকতামূলক কর্মকান্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানী হতে হবে। আমরা এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ জানান, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া আর সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।























