বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেল থেকে শুটিংয়ের উদ্দেশে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহেল খানের মৃত্যুর আগে ঘটে যাওয়া মুহূর্তের বর্ণনা দিয়েছেন একই সিনেমার শুটিংয়ে থাকা অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য তাঁরা তখন বগুড়ার হোটেল মম ইনে অবস্থান করছিলেন। শুটিংয়ের জন্য সকালে বের হয়েছিলেন। তার পর ঘটে অঘটন।
মৃত্যুর আগে সোহেল খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে তিনি লেখেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান।’

এরপর কী ঘটেছিল, তা-ও পোস্টে তুলে ধরেন জয়। তিনি লেখেন, ‘তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। একক ও ধারাবাহিক—দুই ধরনের নাটকেই কাজ করেছেন তিনি।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের জায়গা তৈরি করেছিলেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘বউয়ের জ্বালা’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’ ও ‘শান’।
এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন সোহেল খান।
২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এতে গ্যারেজের মালিকের চরিত্রে দেখা গেছে তাকে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন সোহেল। নিজের চরিত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছিলেন তিনি।
























