ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘উৎসবে আনন্দে’ শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তবর্তী খ্রিষ্টপল্লীতে তাদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার সবচেয়ে বড় গীর্জা মরিয়মনগর সাধু জর্জ ক্যাথলিক চার্চে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অংশ গ্রহণে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এরপর বিশ্বশান্তি ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা পরিচালনা করেন ফাদার সুবল কুজুর সিএসসি।

পরে মরিয়মনগর প্যারিস কাউন্সিলের আয়োজনে শুভ বড়দিনের আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এতে ফাদার সুবল কুজুর সিএসসি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম। পরে স্থানীয় আদিবাসী শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া উপজেলার আরও ১৬টি গীর্জায় প্রার্থনা শেষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে চলে নানা উৎসব আয়োজন। বড়দিনের উৎসব উপলক্ষে সরকারিভাবে প্রতিটি গির্জায় ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এছাড়া উৎসব নির্বিঘ্নে বাড়ানো হয় আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা তৎপরতা।























