সম্প্রতি বেটউইনার নিউজের সাথে সাকিব আল হাসানের ১০ কোটি টাকার চুক্তি আলোড়ন তুলেছে দেশের ক্রিকেটাঙ্গনে। শেষ পর্যন্ত বোর্ডের চাপে চুক্তি থেকে সরে এসেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনভর টানটান উত্তেজনার পর, সন্ধ্যায় সাকিব নিজেই নিশ্চিত কররেন বেটউইনার নিউজের সাথে বাণিজ্যিক চুক্তি বাতিল করেছেন তিনি। প্রথমে মৌখিক ও পরে সাকিবের লিখিত বক্তব্যের কথা নিশ্চিত করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতেই দেশে ফিরেছেন সাকিব। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরলেন তিনি। ১৩ আগস্ট শনিবার বোর্ড সভাপতির সাথে বৈঠকের কথা রয়েছে সাকিবের। এরপরই ঘোষণা করা হবে এশিয়া কাপের বাংলাদেশ দল।

টেস্ট অধিনায়কের এমন দায়িত্বহীন আচরণে ক্ষিপ্ত ক্রিকেট বোর্ড। তাই তো নতুন কোনো দায়িত্ব দেয়ার আগে সাকিবের মনোভাব জানতে চান তারা। এ কারণে পাপনের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরে আসলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।



























