জুয়ার দানে পেয়াজ
মোহাম্মদ রবিউল আলম (টুকু)

দেশজুড়ে আজ ভেসে বেড়ায়
হাজার রকম ইস্যু,
রাজনীতিকরাই বুঝেন কেবল
আমরা সবাই শিশু।
ক্লাব পাড়াতে জুয়ার আসর
জানতো না তো কেউ,
এখন যখন পড়ছে ধরা
ছুটছে কথার ঢেউ।

জুয়াড়িদের বান্ধব অনেক
ঘরে এবং বাইরে,
গা বাঁচাতে সবাই এখন
করছে তাইরে-নাইরে।
কারো ঘরে টাকার পাহাড়
কারো ঘরে সোনা,
রাঘব বোয়াল আড়াল করে
হচ্ছে ধরা পোনা।
জুয়া এবং মাদক মিলে
করছে সমাজ নষ্ট,
চড়া দামে পেয়াজ কিনে
বাড়ছে বুকের কষ্ট।
ভারত মোদের বন্ধু বটে
মুক্তিযুদ্ধে প্রমাণ,
প্রতিদান তার হচ্ছে দিতে
হোক না আকাশ সমান।
আমরা দিলাম পদ্মার ইলিশ
ভারত দিলো কী আজ?
ফারাক্কার গেট খুলে দিয়ে
আটকে দিল পেয়াজ।
জুয়ার দানে আসে যদি
চড়া দামের পেয়াজ,
সকল ভুলে করবো শুরু
জুয়া খেলার রেওয়াজ।
মনের ক্ষোভে লিখি তবু
ভরসা আছে বুকে,
শেখ হাসিনার নয়া যুদ্ধ
দিবেন এসব রুখে।
দুর্নীতির মূল উপড়ে ফেলতে
যোগ্য নেতা চাই,
জননেত্রী শেখ হাসিনার
বিকল্প আর নাই।
………………………………….
ছন্দ-জ্ঞানহীন
মোহাম্মদ রবিউল আলম (টুকু)
ছড়া-পদ্য-কাব্য লেখায়
দিতে পারলে ছন্দ,
পাঠক সেসব পড়েন সুখে
হয় না বলে মন্দ।
আমি অধম নই তো কবি
ছন্দ-মাত্রার নেই যে জ্ঞান,
তাই তো সেসব শিখতে গিয়ে
দিবা-নিশি করছি ধ্যান।
স্বরবৃত্তের ‘স্ব’ বুঝি না
অক্ষরবৃত্তের স্বরে ‘অ’,
মাত্রাবৃত্তে মাথাই নষ্ট
দেখি হ-য-ব-র-ল।
ছন্দ-মাত্রার বইটি হাতে
তবুও বসি সকাল-সাঁঝ,
যতই পড়ি, ততই ভুলি
হয়না কিছুই কাজের কাজ।
ছন্দগুলোর মাত্রা পড়ি
আরো পড়ি পর্ব,
অন্ত্যমিলটা পড়তে গেলেই
গুলিয়ে ফেলি সর্ব।
ব্যাকরণের চরণ দু’টো
ছাড়িনি তাই অকারণ,
যা খুশি তাই লিখে বেড়াই
করে না তো কেউ বারণ।
ছন্দ ছাড়া কাব্য তেমন
গন্ধ ছাড়া যেমন ফুল,
চোখের দেখায় মন কাড়িলেও
গুণ বিচারে হারায় কূল।
তবুও আমায় কবি বলে
প্রায়ই যারা করেন ভুল,
ভালোবেসে-কৃতজ্ঞতায়
তাদের মাথায় পরাই ফুল।
…………………………………….
বন্ধ রেখো স্মৃতির বাতায়ন
মোহাম্মদ রবিউল আলম (টুকু)
তুমি কি এখন ভার্চুয়ালে আমার ছবি দ্যাখো,
আমার ছবি পড়লে চোখে
অবাক চেয়ে থাকো?
প্রোফাইলটা লক করিনি তোমার কথা ভেবে,
পাবলিক রাখি পোস্টগুলো সব
হয়তো লাইক দেবে!
আমার লিখা কবিতা কি তোমার চোখে পড়ে,
পড়ে সেসব তোমার চোখে
ব্যথার অশ্রু ঝরে?
হয়তো তুমি পড়ো না সেসব আমার লিখা যত,
পড়তে গেলে পড়বে ফাঁদে
বাড়বে হৃদয়ে ক্ষত।
তারচেয়ে তুমি দূরেই থাকো দূরের তারার মত
স্মৃতির বাতায়নে কপাট লাগিও
খোলা রেখেছো যত।


























