আশি দশকের অন্যতম কবি, গীতিকার ও গবেষক রজব বকশীর ৬১তম জন্মদিন আজ (১ অক্টোবর )। তিনি ১৯৬৫ সালের এই দিনে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা হায়দার আলী ও মাতা অজিফা খাতুন। তিনি আশির দশক থেকে দেশ-বিদেশের বিভিন্ন ম্যাগাজিন, পোর্টাল, ই-পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক ও জাতীয় দৈনিক পত্রিকায় লেখালেখি করছেন।

রজব বকশীর কবিতা আধুনিক নাগরিক জীবনের জটিলতা, দার্শনিক উপলব্ধি, প্রেম ও বিরহের মনস্তাত্ত্বিক রূপায়নের এক অনন্য দলিল। তিনি তার কবিতায় আত্মঅনুসন্ধানের মধ্য দিয়ে মহাজাগতিক ও নাগরিক সত্যকে স্পর্শ করতে চেয়েছেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৬টি। কাব্যগ্রন্থগুলো হল— ‘ধূসর এলবাম’, ‘উদ্ধত আঁধার’, ‘যে হাতে পায়রা ওড়ে’, ‘সেইসব দরজা জানালা জেগে ওঠে’, ‘ছায়াসঙ্গী মায়াসঙ্গী’ এবং ‘তৃষ্ণার ধ্বনি প্রতিধ্বনি’। ‘ডুমুর ফুলের মউ’ নামে তার একটি ছড়াগ্রন্থ এবং ‘জামালপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ ও ‘জামালপুর জেলার ইতিহাস’ নামে তার দুটি গবেষণাগ্রন্থও প্রকাশিত হয়েছে।

তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। পেশাজীবনে তিনি ছিলেন বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কবিসংঘ বাংলাদেশ’র সভাপতি কবি ও গীতিকার রফিকুল ইসলাম আধার, কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক কবি মোস্তাফিজুল হক।




