‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সেঁজুতি অঙ্গনে এ আসর অনুষ্ঠিত হয়।

‘রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেম’ শিরোনামে একুশে পাঠচক্রের ১৫৩তম আসরে সভাপতিত্ব করেন শিক্ষক ঊর্মি দেবনাথ। এতে বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতিমান প্রেসক্লাব নালিতাবাড়ীর আহ্বায়ক বিপ্লব দে কেটু, শিক্ষক শঙ্করী পাঠক ও শিক্ষক পূজা সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলি।
আলোচনায় বক্তারা বলেন, রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেমের অনুসন্ধান বিশেষভাবে উঠে এসেছে। তাঁর কাছে প্রেম শুধু জাগতিক অনুভূতি নয়; বরং অহং, সংকীর্ণতা ও অন্ধকার থেকে আত্মাকে মুক্ত করে পরম সত্যের দিকে নিয়ে যাওয়ার পথ। ভালোবাসার মধ্য দিয়ে আত্মবিসর্জন, মানবতার প্রতি মমতা এবং সৃষ্টির সঙ্গে একাত্ম হওয়ার সাধনার কথাও তাঁর কবিতায় ফুটে উঠেছে।

বক্তারা আরও বলেন, রুমির কবিতা আজও মানুষকে প্রেম, শান্তি ও আত্মমুক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে।




