মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ সংযমের মাস পবিত্র রমজান এবং করোনা পরিস্থিতিতে ময়মনসিংহে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মালামাল পরিবহনের জন্য ওয়ানওয়ে ভাড়ায় প্রায় একশত ট্রাক প্রদানের আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি। যাতে ব্যবসায়ীদের মাল পরিবহনে অতিরিক্ত ভাড়া গুণতে না হয় এবং ভাড়া বৃদ্ধির কারণে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় সে দিকে ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রেক্ষিতে দেশের এই দুর্যোগপূর্ণ মুহুর্তে যার যার অবস্থান থেকে সহযোগীতার মনোভাব নিয়ে মানুষের পাশে সকলকে দাঁড়াতে হবে।
আমিনুল হক শামীম আরো জানান, পবিত্র মাসে ন্যায্য মূল্যে চাল, ডাল, পেঁয়াজ, আদা, লবন, সহ অনান্য জরুরি ভোগ্যপন্যে অতিরিক্ত লাভ না করে ন্যায্য মূল্যে সরবরাহ করে উদহারণ সৃষ্টি করতে চাই। বাজার নিয়ন্ত্রণে ও জেলার বাইরে থেকে মাল আনার জন্য আপনাদের যাতে ভোগান্তি না হয়, সেজন্য চেম্বারের সভাপতি হিসেবে আপনাদের ওয়ান ওয়ে ভাড়ায় আমি ট্রাক দিবো।

সোমবার সকালে ময়মনসিংহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রী’র সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি নগরীর বিভিন্ন পাইকারী বাজার পরিদর্শণ কালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসবকথা বলেন। তিনি আড়ত এবং খুচরা ব্যবসায়ীদের সাথে খোলামেলা আলোচনা করেন। অতিরিক্ত মূল্য নিলে ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক নিশিতা মেহেরকে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। বাজার পরিদর্শনকালে চেম্বারের সভাপতির সাথে ছিলেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশিতা মেহের, জেলা বাজার কর্মকর্তা জিল্লুল বারী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, চাল খুচরা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী মো: হায়দার আলী (মধু মিয়া), যুগ্ম সম্পাদক সুকুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
চালের আড়ত পরিদর্শনকালে ব্যবসায়ীরা জানান, বাজারে মোটা চালের দাম সহনীয় পর্যায়ে এসে গেছে। ২৮ ও ২৯ চাল ৫০ কেজির বস্তা এখন ১,৯৫০ টাকা। আগে যা ছিল ২১০০/২২০০ টাকা। চালের আড়তদাররা আরো জানান, সামনে চালের দাম আরো কমবে। নতুন চাল বাজারে আসতে শুরু করেছে। পেঁয়াজ বাজারে পাইকারী দাম প্রতি কেজি ৪০টাকা দরে , চায়না রসুন ১৮০ টাকা দরে, দেশী রসুন ১০০টাকা দরে বিক্রয় হচ্ছে। আদার আমদানী আজকে হয়নি। কারণ ঢাকার পাইকারী ব্যবসায়ীরা রবিবার পাইকারী দাম ছিল ১৮০ টাকা। যার জন্য আদা আনা হয়নি। সোমবার ঢাকায় পাইকারী আদার দাম ১২০/১২৫ টাকা। মঙ্গলবার আসবে তখন ১৫০ টাকা দরে পাইকারী বিক্রি হবে।
ডালের দাম একটু বেশী থাকায় আমিনুল হক শামীম জানান, আপনারা ওয়ান ওয়ে ভাড়া দিয়ে ডাল আনুন। আমি ট্রাকের ব্যবস্থা করবো। যেন ডালের দাম সহনীয় হয়। বর্তমানে ক্যাঙ্গারো অর্থাৎ চিকন দানার ডাল ১৩০ টাকা কেজি, বড়দানার ডাল ৮৫/৯০টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে কাঁচা তরিতরকারীর দাম কিছুটা বেড়েছে।




























