স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নেত্রকোনার ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ মিয়া। গত শুক্রবার সকালে তার স্ত্রী হাসিনা আক্তার স্ট্রোক করায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে আসেন। তবে জরুরি বিভাগে নিয়ে গেলেও এগিয়ে আসেননি কোনো চিকিৎসক। বিনাচিকিৎসায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বছর পঁয়তাল্লিশের ওই গৃহবধূ। এর মধ্যে এক নারী চিকিৎসক এসে জানান, তার করোনা পরীক্ষা করা হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপত্তি জানায়নি পরিবার। নমুনা সংগ্রহের পর মরদেহ পাঠিয়ে দেওয়া হয় মর্গে। আর মাসুদকে জানানো হয়Ñ রিপোর্ট আসতে একদিন লাগতে পারে, তাই শনিবার সন্ধ্যায় লাশ নিতে পারবেন। পরদিন নির্ধারিত সময়ে হাসপাতালে গেলে জানানো হয়Ñ রিপোর্ট আসেনি, কখন আসবে তাও জানেন না কেউ। গতকাল পর্যন্ত পরিবারের কাছে লাশ হস্তান্তর করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
মাসুদ মিয়ার সঙ্গে থাকা ফুফাতো ভাই আতিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একটা লাশ হাসপাতালে পড়ে আছে তিনদিন ধরে। বাড়িতে তার সন্তানরা কাঁদছে। লাশের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় দিন গুনছেন স্বামী। তাকে কোনো আত্মীয়ও আজ বাসায় নিতে চাচ্ছে না। কারণ স্বাভাবিক মৃত্যু হলেও করোনা পরীক্ষার জন্য তার স্ত্রীর নমুনা নেওয়া হয়েছে। দৃশ্যটা একবার চিন্তা করেন। কী কষ্ট আর বেদনার।’ স্ত্রীর শোকে বুকের ভেতর পাথরচাপা দিয়ে রাখা মাসুদ মিয়া শুধু বললেন, ‘তিনদিন ধরে মর্গের ফ্রিজে পড়ে আছে আমার স্ত্রীর লাশটি। কবে পাব তাও জানি না। কেঁদে কেঁদে দুর্বল হয়ে পড়েছে মা-হারা আমার দুটি মেয়ে। মৃত মানুষকে দাফনের পর কষ্টটা কিছু হলেও কমে। আমরা সে সুযোগটাও পাচ্ছি না।’
শুধু মাসুদ মিয়াই নন, মমেক হাসপাতালে চিকিৎসা নিতে এসে এমন বিড়ম্বনায় পড়েছেন আরও অনেকেই। এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, প্রায় দেড় কোটি জনসংখ্যা অধ্যুষিত ময়মনসিংহ বিভাগের চার জেলার রোগীদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য সম্প্রতি একটি পলিমারি চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব স্থাপন করা হয়েছে। মমেকের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত এ ল্যাবে শুরু থেকেই দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসক ও টেকনিশিয়ানরা। প্রতিদিন দুই শিফটে তারা ৯৪ করে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করতে পারেন। কিন্তু বর্তমানে প্রচুর নমুনা আসায় বিপাকে পড়তে হচ্ছে। সাত শতাধিক নমুনা এখনো পরীক্ষার জন্য অপেক্ষমাণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ ধরে শেরপুর জেলার কোনো নমুনাই পরীক্ষা হচ্ছে না। ওই এলাকার রোগীদের চিহ্নিত করতে না পারায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা, সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকি। জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে আরও একটি পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠালেও অনুমোদন আসছে না।

মমেক অধ্যক্ষ প্রফেসর চিত্তরঞ্জন দেবনাথ জানান, ইদানীং প্রচুর নমুনা আসায় সাত শতাধিক পরীক্ষার জন্য অপেক্ষমাণ। এ ছাড়াও পাঁচ শতাধিক নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেগুলোর রিপোর্ট দু-একদিনের মধ্যে চলে আসবে বলে আশা করা যায়। অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি পিসিআর মেশিন আনা হয়েছে। সেটির জন্য ল্যাব স্থাপনের কাজ চলছে। আরও এক সপ্তাহ লাগতে পারে। ওই ল্যাবটি চালু হলে প্রতিদিন আরও ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। মমেক পিসিআর ল্যাবে এ পর্যন্ত ২ হাজার ৮০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ২১৩টি।
এদিকে শেরপুর জেলা আইনজীবী সমিতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার জানান, সম্ভাব্য করোনা রোগীদের উপসর্গ দেখা দিলেও মূলত তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পজিটিভের সংবাদ পাওয়ামাত্রই পরবর্তী ম্যানেজমেন্ট প্রক্রিয়া শুরু হয়। কিন্তু রোগীদের নমুনা পরীক্ষাই যদি অনেক দিন পর্যন্ত আটকে থাকে, তা হলে সেটা সবার জন্যই দুঃসংবাদের বিষয়। ওইসব রোগী নিয়ে আশপাশে সংক্রমণের ঝুঁকির পাশাপাশি এলাকার সর্বস্তরে উদ্বেগ-উৎকণ্ঠাও বৃদ্ধি পাচ্ছে।
শেরপুরের সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ বলেন, ‘মমেক পিসিআর ল্যাবে ২১ এপ্রিল থেকে শেরপুর জেলার কোনো নমুনাই পরীক্ষা করা হচ্ছে না। ৫৫৬টি নমুনার মধ্যে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৮৬টির। করোনা পজিটিভ এসেছে ২৪ জনের দেহে। তবে এক সপ্তাহ ধরে ১৭০টি নমুনা আটকে আছে। সেগুলোর রিপোর্ট নিয়ে আমরা অনেক টেনশনে আছি।’
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলা থেকে এ পর্যন্ত এক হাজার ১৭৮টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা সম্পন্ন হয়েছে ৯১৮টির। তার মধ্যে পজিটিভ এসেছে ১০৮টির। আরও ২৬৭টি নমুনার পরীক্ষা অপেক্ষমাণ।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম জানান, এ জেলা থেকে ৯৮৪টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পজিটিভ এসেছে ৩৩টির। কিন্তু জেলা থেকে মোট কতটি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং কতটি এখানো বাকি রয়েছে, তার সঠিক তথ্য দিতে পারেননি ডা. তাজুল। জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, এ পর্যন্ত ৯০৩টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। করোনা পজিটিভ এসেছে ৪৪ জনের দেহে। এ জেলা থেকে মোট কতটি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং কতটির পরীক্ষা এখনো বাকি রয়েছে, তার সঠিক তথ্য দিতে পারেননি তিনিও।
বিষয়টি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া বলেন, জনসংখ্যার দিক থেকে ময়মনসিংহ বিভাগ অন্যতম। চট্টগ্রাম নগরীতে চারটি স্থানে পিসিআর ল্যাব স্থাপন ও পরীক্ষার কাজ চলেছ। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আরও একটি পিসিআর মেশিন রয়েছে। বাকৃবির ওই ল্যাবটিকে করোনা পরীক্ষার উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হলে সেখানে অনেক নমুনা পরীক্ষার ব্যবস্থা হতে পারে।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগের করোনার নমুনা পরীক্ষার জন্য জামালপুর ও নেত্রকোণা মেডিকেল কলেজে আরও দুটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।




























