‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। ২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন এসবের আয়োজন করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। ওইসময় তিনি বলেন, প্রতিবছর ২২ অক্টোবর আমাদের দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। এবার পূজার ছুটির কারণে দিবসটি একটু বিলম্বের পালন করা হল। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ দিবসটি পালন করা হয়।
আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, ট্রাফিক ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, গাড়ীর চালক প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, গাড়ীর চালক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




