ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এর যৌথ আয়োজনে নগরীর গোলপুকুর পাড়, স্বদেশী বাজার ও বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা ও নির্মাণ সামগ্রী রেখে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা করে যানজট সৃষ্টির অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন সিটি কর্পোরেশনের স্যানিটরি ইন্সপেক্টর দীপক মজুমদার।
নগরীর বড় বাজার এলাকায় রাস্তার উপর অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাখার কারণে সাধারণ পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এজন্য বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলে এ সমস্যার সমাধানের দায়িত্ব প্রদান করা হয়েছে। ছোটবাজার ও বড় বাজার এলাকায় প্রতিদিন বেলায় ট্রাকে সকল ধরনের মালামাল লোডিং ও আনলোডিং না করতে বলা হয়েছে। এজন্য তাদেরকে ১ সপ্তাহ সময় দেয়া হয়েছে। সকলে মিলে সুন্দর ও পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তুলতে কাজ করার জন্য আহবান জনানো হায়েছে।



























