ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও কঠোর নীতি গ্রহণ করেছেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। তিনি বলেন, কোনো অফিসে দুর্নীতির সিন্ডিকেটসহ যে কোনো ধরণের দুর্ণীতি উৎখাত করা হবে। ইউনিয়ন ভূমি অফিসে সময়ে কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিতি নিশ্চিত করা হবে। প্রতিটি উন্নয়ন প্রকল্পের সাইনবোর্ড টানানো এবং মানসম্পন্ন উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌছে দেয়ার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের উদ্যোগে আয়োজিত এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
গণশুনানি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, অন্যায়ভাবে উপার্জিত টাকা সন্তানদের খাওয়াতে চাই না। এই ব্রত সকল সরকারি কর্মচারির হওয়া উচিত। তিনি বলেন, দুর্নীতি বন্ধে এবং মানসম্মতভাবে বেঁচে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারিদের প্রচুর বেতন বাড়িয়েছেন। তারপরও যদি কেউ ঘুষ, দুর্নীতি ও অন্যায় করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে উপস্থিত হওয়ার জন্য জেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
গণশুনানিতে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মোঃ কামরুল আহসান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরিশংকর দাস, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ জনগণ।



















