তোমায় নিয়ে কল্পলোকে হারিয়ে যাই আমি-
সাদা মেঘের পাশ কাটিয়ে তুমি যখন হেঁটে যাও-
শিশিরের আদর নামে তোমার গাল বেয়ে-
সোনা রং ভরিয়ে তোলে চারদিক তোমার লাবণ্যে-
এটাই ভাবি কেউ যেন না ছোঁয় তোমাকে-
তুমিই শুধু আপনজন , আমার দয়াল চাঁদ।

তুমি যখন নদী হও-এক রাত আদর পেয়ে-
হৃদয়ের ঝর্ণা হয়ে ঝরে পড়ে-
তোমার মিষ্টি ভালোবাসা ঝর ঝর করে-
তুমি যখন পরী হও-এক ভোর স্বপ্নে মিশে-
ভিনদেশি রাজকুমারের প্রেমে পাগল-
তোমার মন ভেসে যায় ওই নীল আকাশে।
এক বিকেল দুষ্টুমিতে তুমি যখন প্রজাপতি-
হাজার হাজার রঙিন স্বপ্ন হয়ে উড়ে বেড়াও দিগন্তে-
তোমায় নিয়ে কল্পলোকে হারিয়ে যাই-
আমি তখন ভাবুক কবি।

মনের কোণে লুকানো লজ্জারা নীল-সাদা ফুল হয়ে –
সাজিয়ে দেয় নদীর দুই তীর-
গভীর নিঃশ্বাসে কথাগুলো কলকল করে বয়ে গিয়ে-
তৈরি করে সবুজ মাখা চর-
যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ভালবাসার মান-অভিমান-
অবশেষে দেখা হয় সেই রাজকুমারের সাথে ।
হয়তোবা সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে-
এক সকাল ঘুম মেখে তুমি যখন গোলাপ ফুল-
এক দুপুর আলসেমিতে তুমি যখন কদম ডালে কোকিল পাখি –
ছাপিয়ে যায় তোমার গান বসন্তকেও-
তোমার ঘুম পাড়ানি সুর শুনে শুয়ে পড়ে ফোকলা দাঁতের শিশুটি ।


























