ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ সিটি করপোরেশনের অন্তর্গত ৬নং ওয়ার্ডের পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট রবিবার আওয়ামী লীগ মনোনীত পলিটিকাল ফেলো মাহমুদা হোসেন মলি, বিএনপি মনোনীত ফেলো তাসলিমা মাহাজাবীন জেবীন ও জাতীয় পার্টি মনোনীত পলিটিকাল ফেলো মো: শরীফ উদ্দীন এর উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড.গাজী হাসান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর জাসদ সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সফিকুল ইসলাম মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন পারভীন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজুসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ডিআই ফেলোরা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন। ওইসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অবিলম্বে আধুনিক পদ্ধতিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস দেন।




























