রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ প্রায় সাড়ে ১৪ বছরের পুরোনো শেরপুরের শ্রীবরদী পৌরসভা আজও নানা সমস্যায় জর্জরিত। জনদুর্ভোগের আরেক নাম হয়েছে পৌর শহরের কাঁচা বাজারের অলিগলি ও সড়ক। চরম দুর্ভোগের শিকার ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, পথচারী ও শিক্ষার্থীসহ চলাচলকারীরা। ময়লা আবর্জনা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্গন্ধে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। চলতি বর্ষায় বাড়ছে দুর্ভোগের মাত্রা। এতে কাঁচা বাজার, মাছ বাজার ও মাংস বাজারের ক্রেতা বিক্রেতারা পড়েছেন চরম বিপাকে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে দ্রুত ময়লা আবর্জনা অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থার দাবি তুলেছেন ভুক্তভোগিরা। গত শনিবার সরেজমিন গেলে পথচারী, ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে ওঠে আসে এমন চিত্র।
জানা যায়, শ্রীবরদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। প্রায় সাড়ে ১৪ বছরে শহরের জলাবদ্ধতা দূরীকরণের কয়েক বছর পর পর ড্রেন নির্মাণ হয়েছে। এতে ব্যয় হয়েছে লাখ লাখ টাকা। কিন্তু বছর না গড়াতেই ওইসব ড্রেন চাপা পড়েছে মাটির নিচে। এতে গচ্চা গেছে পৌরসভার উন্নয়নের নামে লাখ লাখ টাকা। অথচ বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় শহেরর অলিগলি। কাঁদা নর্দমা আর জলাবদ্ধতায় দূষিত হয় পরিবেশ। প্রতিদিন চরম ভোগান্তির শিকার হন পৌরবাসীসহ ক্রেতা বিক্রেতারা। এতে পৌর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন শহরবাসী।
সরেজমিনে গেলে দেখা যায়, পৌর শহরের প্রাণকেন্দ্র অগ্রনী ব্যাংক থেকে কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার, শুটকি বাজার, কাঁচা মালের বিভিন্ন আড়ৎ, কামিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার সড়কে দেবে গেছে খানাখন্দে। এতে জমেছে কাদা, আবর্জনা ও ময়লার ভাগার। অল্প বৃষ্টিতেই বেড়ে যায় জলাবদ্ধতা। বন্ধ হয় লোকজনের চলাচল। চরম বিপাকে পড়েন বিদ্যালয়গামী শিক্ষক, শিক্ষার্থী, পথচারী ও ক্রেতা বিক্রেতারা। তবে কাচাঁ বাজার, মাছ ও মাংস বাজারের অবস্থা আরো নাজুক। ড্রেন গুলোভরে গেছে কয়েক বছর আগেই। এতে জমেছে ময়লা আবর্জনা। এসব ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা ও পথচারীরা। এছাড়াও দীর্ঘদিন যাবত কাঁচা বাজার হতে সাব রেজিষ্ট্রি অফিস, চাউল হাটি ও সোনালী ব্যাংকের যাতায়াতের সড়কটি কাঁদা আর জলাবদ্ধতায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এখন যানবাহনও চলাচল করতে পারেনা। ফলে বিপাকে পড়েছে প্রায় আড়াইশ ব্যবসায়ীসহ ক্রেতা বিক্রেতারা।
বাজার করতে আসা ক্রেতা শিক্ষক খন্দকার সাইদুর রহমান, মাদ্রাসা ছাত্র সাহেব আলী, ভ্যান চালক আজগর আলীসহ অনেকে বলেন, দীর্ঘদিন যাবত সড়কটিতে ময়লা-আবর্জনা আর জলাবদ্ধতার কারণে চলাচল করতে পারিনা। ময়লার দুর্গন্ধ্যে এ গলি দিয়ে হাটা চলা করাও কঠিন। কয়েক মাস যাবত এই কাচাঁ বাজারে এসে কেনা কাটা করতে পারিনা। এখানে এলে খুব কষ্ট হয়। এ জন্য অন্য বাজারে কাঁচা মাল ক্রয় করতে হচ্ছে। কাঁচামাল ব্যবসায়ী ছাদেক আলী, আবুল হোসেন, জামাল মিয়া, মাছ ব্যাবসায়ী হামিদুর, সাইদুর, আলাল মুন্সী ও মাংস বিক্রেতা আনোয়ার হোসেনসহ অনেকে জানান, ময়লা আবর্জনা ও জলাবদ্ধতার কারণে এই বাজারে দিন দিন ক্রেতা শুন্য হয়ে পড়ছ্।ে এতে তাদের ব্যবসার চরমভাবে ক্ষতি হচ্ছে। অনেক ব্যবসায়ীরা বলেন, ড্রেনের ময়লার দুগর্ন্ধ্যে টিকে থাকা খুব কষ্ট হচ্ছে। শ্রীবরদী কাঁচা বাজার বহুমূখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল বলেন, এখানে সকল কাঁচামালের আড়ৎ। বিভিন্ন স্থান থেকে কাঁচা মাল আনা-নেয়া হয়। সড়কটিতে কাঁদা আর জলাব্ধতার কারণে মালামাল আনা নেয়া ব্যাপক সমস্যা হচ্ছে। তাছাড়া অনেক পাইকার এখন এই ময়লার ভাগাড়ে আসতে চাচ্ছে না। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা দাবি তুলে ওই সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ক্রমেই এখানকার পরিবেশের অবনতি হচ্ছে। বিষয়টি বার বার পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ নিরব থাকায় ব্যবসায়ীসহ প্রতিদিন শতশত মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
দ্রুত ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কটি নির্মাণের দাবি তুলে ডেমোক্রেসী ফর ইন্টারন্যাশনাল সংস্থার শ্রীবরদী ফেলো ফজলুল হক চৌধুরি অকুল বলেন, নাকে রুমাল চেপেও বাজার করতে পারি না। এভাবে চলতে থাকলে এখানকার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সন্মুখীন হবে। এ জন্য ডেমোক্রেসী ফর ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দ্রুত সড়ক নির্মাণ ও বর্জ অপসারণের দাবি তুলে কর্মসূচী গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ড্রেনের পানি ও ময়লা আবর্জনা অপসারণের কোনো ব্যবস্থা নেই বলে উল্লেখ করে পৌরসভার মেয়র আবু সাঈদ বলেন, কাঁচা বাাজারের অভ্যন্তরের সড়ক ও ড্রেন নির্মাণে কোনো বরাদ্দ নেই। তাছাড়া এর আগে কাঁচা বাজারের সেড নির্মাণের টেনডার দেয়া হয়েছিল। স্থানীয় ব্যবসায়ীরা বাঁধা দেয়ায় ওই টেনডার বাতিল করা হয়েছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশলীর বরাদ্দ পেলে কাচাঁ বাজারের সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও ময়লা আবর্জনা অপসারনের কাজ করা হবে।

























