স্টাফ রিপোর্টার ॥ স্মৃতি সংরক্ষণ, স্বাধীনতা উদ্যান প্রতিষ্ঠা ও ইতিহাস লিপিবদ্ধ করার দীপ্ত শপথের মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাটাখালি ব্রিজের সংস্কার কাজ শুরু হয়েছে। ২৮ মে মঙ্গলবার থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায় ওই সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে সন্তোষ ছড়িয়ে পড়েছে।
জানা যায়, কাটাখালী ব্রিজের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রথম ধাপে সওজের আওতায় ওই পুরাতন ব্রিজ ও ব্রিজের রাস্তা সংস্কারসহ সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। ময়মনসিংহের ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বাকী লিমিটেডের প্রতিনিধি আবুল হাশেম বাবুল জানান, প্রথম ধাপের ওই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২৬ লাখ টাকা।
ঝিনাইগাতী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর কাদির ও ছাত্রলীগ নেতা তুষার আল নূর ঐতিহাসিক কাটাখালি ব্রিজের স্মৃতি সংরক্ষণে প্রথম ধাপের কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একটি মিনি পার্ক নির্মাণসহ সেখানকার সৌন্দর্যবর্ধনের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তা অনুমোদন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পুরাতন কাটাখালী ব্রিজটি সড়ক ও জনপথ বিভাগ কোন প্রকার দরপত্র বিজ্ঞপ্তি আহবান ছাড়াই ২০১৬ সালের ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত ব্রিজটি আংশিকভাবে ভেঙে ফেলে। পরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে স্থানীয় ছাত্রনেতা তুষার আল নূরের উদ্যোগে সোচ্চার হয়ে উঠেন এলাকাবাসী। এরপর সেই উদ্যোগে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’, ‘আমরা- আঠার বছর বয়স’ ছাড়াও বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে তা যথাযথ সংরক্ষণের দাবিতে ভাঙনের কাজ বন্ধ করে দিয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি হাতে নেয়। ওই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন তৎকালীন অতিরিক্ত সচিব (বর্তমানে নৌ-পরিবহন সচিব), নালিতাবাড়ীর সন্তান ও জল জোছনায় নাজমুল গ্রন্থের লেখক আবদুস সামাদ ফারুকসহ বিশিষ্ট ব্যক্তিরা।























