ময়মনসিংহ প্রতিনিধি ॥ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। উন্নত সোনার বাংলা গড়ে তুলতে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই সরকার প্রদত্ত সুযোগগুলো সঠিবভাবে ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব এবং স্কিলস এন্ড ট্রেনিং এ্যানহেন্সম্যান্ড প্রজেক্ট ( স্টেপ) এর প্রকল্প পরিচালক এবিএম আজাদ।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে কলেজের হল রুমে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট উপাধ্যক্ষ মোঃ শওকত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোঃ মিয়াজি, কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমূল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, স্টেপ কমিউনিকেশন কনসালটেন্ড মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি একেএম মিজানূর রহমান প্রমুখ।




























