শেরপুরের বিভিন্ন মহলের অভিনন্দন
শ্যামলবাংলা ডেস্ক ॥ জাতিসংঘ মিশনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড পেয়েছেন ডিএমপির পুলিশ সুপার শেরপুরের মেয়ে ফাতিহা ইয়াসমিন ডলি। ২৯ মার্চ বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওই অ্যাওয়ার্ড তুলে দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ডিআইজি মিলি বিশ্বাস পিপিএম। অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা হোসেন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দ, নারী পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮তে মোট ৬টি ক্যাটাগরিতে ২০ জন নারী পুলিশ সদস্যকে ওই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে জাতিসংঘ মিশনে বিশেষ অবদান রাখায় ‘পিস কিপিং মিশন’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান ডিএমপির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ডলি।
বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড পাওয়ায় এক প্রতিক্রিয়ায় ফাতিহা ইয়াসমিন ডলি শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, যেকোন ভাল কাজের স্বীকৃতিই হচ্ছে অ্যাওয়ার্ড। কাজেই নিজের কাজের স্বীকৃতি পাওয়ায় আমি অবশ্যই আনন্দিত। আমরা যাই কিছু করি তা দেশের ও দশের জন্য মঙ্গলকর হওয়া চাই। কর্মজীবনের বাকিটা সময়ও তিনি দেশ ও জাতির স্বার্থে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য শেরপুরবাসীসহ সকলের দোয়া কামনা করেন।
এদিকে শেরপুরের মেয়ে ফাতিহা ইয়াসমিন ডলি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভানেত্রী সঞ্চিতা হোড় দীপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন মহল।
উল্লেখ্য, ফাতিহা ইয়াসমিন ডলি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং এলাকার ধনাঢ্য ও সমাজসেবী আলহাজ্ব মরহুম আবুল মুনসুর তালুকদার ও আলহাজ্ব ছাহেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও কাকরকান্দি ইউনিয়নের দু’দফায় নির্বাচিত চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল তার মেজোভাই। ডলি গত বছরের ১৪ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে ২৪তম বিসিএস-এ পুলিশে যোগ দেন। তার স্বামী রফিকুল ইসলাম একজন প্রকৌশলী। পারিবারিক জীবনে তাদের ২ ছেলে সন্তান রয়েছে। শিক্ষাজীবনে ধাপে ধাপে কৃতিত্বের পাশাপাশি কর্মজীবনেও তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন।

























