স্টাফ রিপোর্টার ॥ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের সকল সদস্য। সেইসাথে তারা জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নিকট দাখিল করা লিখিত অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছেন। ২ এপ্রিল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, অভিযোগ ও অনাস্থা প্রস্তাবের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে।
অভিযোগে প্রকাশ, নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান নির্বাচিত হওয়ার পর থেকেই নানা দুর্নীতি ও অনিয়ম করে আসছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে টিআর, কাবিখা, কাবিটা, ভিজিএফ, ভিজিডি, এডিপি, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবাভাতা, গর্ভকালীন মাতৃত্বভাতা, ৪০ দিনের কর্মসূচী, ১০ টাকা কেজি চাল বিতরণ ও ডিলার নিয়োগে অনিয়ম এবং এলজিএসপি প্রকল্পে অনিয়ম-দুর্নীতি। ওইসব অনিয়ম-দুর্নীতির কারণে রবিবার ইউপি কার্যালয়ে সাধারণ আসনের ৯ পুরুষ ও সংরক্ষিত আসনের ৩ নারী সদস্যসহ ১২ জনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অনাস্থা জ্ঞাপন সংক্রান্ত একটি রেজ্যুলেশন পাশ করা হয়। ওই রেজ্যুলেশনের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে আবেদন করা হয়েছে। আবেদনের অনুলিপি প্রেরণ করা হয়েছে স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও। এক প্রশ্নের জবাবে অভিযোগকারীদের পক্ষে ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আবু বকর সিদ্দিক বলেন, চেয়ারম্যানের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে স্থানীয় দায়িত্বশীলদের বার বার মৌখিকভাবে জানিয়েও কোন কাজ হয়নি।
এদিকে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বক্তব্য জানতে বার বার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, নানা সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই সদস্যরা একজোট হয়েছে।























