নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে মেধাবী শিক্ষার্থী রমজানের স্বপ্ন পূরণে অনিশ্চয়তা

খবর টি পড়েছেন : ২২০
নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে মেধাবী শিক্ষার্থী রমজানের স্বপ্ন পূরণে অনিশ্চয়তা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বি’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েও কেবল অর্থাভাবে স্বপ্ন পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে শেরপুরের শ্রীবরদীর মেধাবী শিক্ষার্থী রমজান আলীর। আগামী ৪ ডিসেম্বর তার ভর্তির শেষ দিন। কিন্তু এখনও ভর্তির জন্য প্রয়োজনীয় ২৫ হাজার টাকা জোগাড় করতে না পারায় সে এখন চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করছে। শ্রীররদী উপজেলার কুরুয়া নিমতলী গ্রামের অতিদরিদ্র রফিকুল ইসলামের ছেলে রমজান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।
জানা যায়, রমজানের পৈতৃক বাড়ি শেরপুর পৌর শহরের তাতালপুর এলাকায় হলেও সেখানে কোন জমিজমা নেই। তাই ছোটবেলা থেকেই শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া নিমতলী গ্রামে নানা বাড়িতে থাকে। দরিদ্র পিতা রফিকুল ইসলাম গাজীপুর মহানগরীতে ফুটপাতের ওপর সবজি বিক্রি করেন। মা রওশন আরা ও ছোট বোন রোখশানা গাজীপুরের একটি তৈরি পোষাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ২০১১ সালে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা দিয়ে পেটের তাগিদে রমজানও গাজীপুরের পোষাক কারখানায় শ্রমিকের কাজ নিয়েছিল। ওই সময় অভাবের তাড়নায় লেখাপড়া বন্ধ করে দিয়ে মেধাবী শিক্ষার্থী রমজানের পোষাক কারখানায় চাকরি নেওয়ার খবরটি জানতে পারেন ঝিনাইগাতী উপজেলার কালীবাড়ি এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায় ও দরিদ্র শিক্ষার্থী উন্নয়ন সংস্থার’ (ডপ্স) প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া। শাহীন তাঁকে (রমজান) লেখাপড়ায় ফিরিয়ে আনেন। পরে ডপ্স-এর সহযোগিতায় ২০১২ সালে রমজানকে শ্রীবরদীর ভটপুর এইচ. ইউ. উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয়। পড়াশুনার পাশাপাশি ওই সময় রমজান দর্জিবাড়িতে কাজ করে তাঁর জীবন যাপন করে।
রমজান ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু অর্থের অভাবে আবারও রমজান গাজীপুরে তার বাবার কাছে ফিরে যায়। এবারও ডপ্স এর সহযোগিতায় তাকে (রমজান) ময়মনসিংহ শহরের এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি করা হয়। সেখানে তাকে বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ করে দেওয়া হয়। রমজান ডাচ্-বাংলা ব্যাংক থেকেও একটি বৃত্তি পায়। এ কলেজে পড়াশুনা করে ২০১৬ সালে জিপিএ-৫ পেয়ে এইচ.এস.সি পরীক্ষা পাশ করে।
রমজান এ বছরের ১৩ মার্চ চট্টগ্রাম মেরিন ফিসারিজ একাডেমীতে নটিক্যাল বিভাগে ভর্তির সুযোগ পায়। কিন্তু এখানে ভর্তির জন্য প্রয়োজন ছিল ৮৬ হাজার টাকা। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান রমজান এ টাকা জোগার করতে না পারায় তিনি সেখানে ভর্তি হতে পারেননি। কিন্তু এতে দমে যাননি তিনি। আবারও এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন।
অবশেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছিল সে। ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত স্কোর ১৭৪ এবং মেধা তালিকায় অবস্থান ২৯৭। কিন্তু এবারও সেই আগের শংকায় রয়েছে রমজান। আগামী ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ দিন। ভর্তির জন্য প্রয়োজন ২৫ হাজার টাকা। কিন্তু দরিদ্র সবজি বিক্রেতা পিতার পক্ষে ছেলে রমজানের ভর্তি বাবদ এতগুলো টাকা প্রদান করা কোন ভাবেই সম্ভব নয়। তাই রমজান সমাজের সহƒদয়বান ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছে তাঁর ভর্তির টাকা জোগার করতে। মেধাবী রমজান এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারলে তাঁর স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। আবারো হয়তো তাকে বাবা-মার মতোই পোষাক কারখানায় শ্রমিকের কাজ নিতে হবে।
এ বিষয়ে রমজান আলী আবেগতাড়িত কণ্ঠে জানায়, ‘আমার খুব ইচ্ছে পড়াশুনা করে বড় হয়ে দেশ ও জাতির সেবা করবো। সেইসঙ্গে ভাল চাকরি করে সংসারের অভাব দূর আর আমার মতো দরিদ্র শিক্ষার্থীদের জন্য সেবা করবো। কিন্ত শুধু অর্থাভাবে আমার স্বপ্নের চূড়ান্ত পর্বে এসে আবারও আটকে গেলাম। এবার আমাকে যদি সমাজের সহৃদয়বান ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন, তাহলে আমার সে স্বপ্ন পূরণ করতে সক্ষম হব। চিরঋণী থাকবো সবার কাছে।’ রমজানের সঙ্গে যোগাযোগের মুঠোফোন নম্বর: ০১৯২৮৫২৮২৪৩।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন শেরপুরের পুলিশ… পরবর্তী সংবাদ শেরপুরে নবান্ন উৎসবে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads