স্টাফ রিপোর্টার ॥ এবারের শীত মৌসুমে ডিসেম্বর মাসের শুরুতে শীতের তীব্রতা শুরু না হলেও মধ্য ডিসেম্বর থেকে সীমান্তবর্তী শেরপুর জেলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার হতদরিদ্র মানুষ শীতে কাবু হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পরে যায় জেলার সর্বত্র।
জেলায় গত দুই দিন যাবত সারাদিন সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশা থাকলেও দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশা না থাকলেও আবারও রাত রাড়ার সাথে সাথেই কুয়াশার চাদরে ঢেকে যায় শহর-বন্দর-গ্রাম। সেই সাথে উত্তরের হিম বাতাসে জন-জীবন প্রায় অচল হয়ে পড়ে। এদিকে শীতের তীব্রতা বাড়ার কারণে বাড়ছে ঠান্ডাবাহিত রোগ সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ও পেটের পীড়াসহ নানান রোগ।

অনেক অসহায় দুঃস্থ মানুষ দিনের বেলায়ও আগুন জ্বালিয়ে শীত নিবারন করছে। গত কয়েক দিন থেকে শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বেলা ১২ পর্যন্ত রোদের দেখা না পাওয়ায় দোকানপাটও খোলে না। ওইসময় তাদের সড়কের উপর আগুন জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। শ্রমজীবীরা তীব্র শীতের কারণে কাজে যেতে পারেনি। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কিছুটা কমলে মানুষ ঘর থেকে বের হতে থাকে। এদিকে শীতের উঞ্চতা নিতে চায়ের দোকানগুলোতে ভিড় বাড়ছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান বলেন, জেলায় এবার শীতে দুঃস্থদের জন্য ২৫ হাজার ৮শ টি কম্বল এবং নগদ ৩০ লাখ টাকা জেলার ৫ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের কাছে পৌছে দেয়া হয়েছে। এসব টাকা ও কম্বল যথাসময়ে বিতরণ করা হবে।

























