খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী সীমান্তের পাহাড়ি এলাকাগুলোতে আবারও শুরু হয়েছে বন্যহাতির তাণ্ডব। ফলে নিদ্রাহীন রাত কাটতে হচ্ছে কৃষকদের। এসব পাহাড়ি গ্রামগুলো হচ্ছে, তাওয়াকুচা, গুরুচরনদুধনই, পানবর, ছোটগজনী, বাকাকুড়া, বড়গজনী, গান্ধিগাঁও, হালচাটি, নওকুচি, রাংটিয়া, গোমড়া, সন্ধ্যাকুড়া ও গারোকোনা।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৯৬ সাল থেকে ওইসব পাহাড়ি গ্রামগুলোতে শুরু হয় বন্যহাতির তাণ্ডব। বন্যহাতি দল দিনে পাহাড়ের গভীর অরণ্যে আশ্রয় নিচ্ছে। আর সন্ধ্যা নেমে আসার সাথে সাথে খাদ্যের সন্ধানে বন্যহাতির দল নেমে আসছে লোকালয়ে। বন্যহাতির দল কাঁচা ঘর-বাড়ি গাছপালা, বাঁশঝাড়, কলা ও শাক-সবজি বাগান, কৃষকদের ধানের গোলা ও ক্ষেতের কাচা পাকা ধান খেয়ে ও পায়ে পিষিয়ে দুমড়ে-মুচড়ে একাকার করে চলেছে। গত দুই যুগ ধরে বন্য হাতির তাণ্ডবে ওইসব পাহাড়ি গ্রামগুলোতে ঘর-বাড়ি গাছপালা, ক্ষেতের ফসল ও জানমালের ও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উপুর্যপুরি বন্যহাতির তান্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি গ্রামবাসিরা। বন্যহাতির কবল থেকে জানমাল ও ক্ষেতের ফসল রক্ষার্থে রাত জেগে পাহারা দিচ্ছে কৃষকরা। ঢাকঢোল, ফটকা-ফুটিয়ে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা চালাচ্ছে। কিন্ত যতই হাতি তাড়ানোর চেষ্টা করা হচ্ছে ততই বন্যহাতির দল তেড়ে আসছে লোকালয়ে। তাওয়াকুচা গ্রামের ইউপি সদস্য হযরত আলী, নওকুচি গ্রামের গোলাপ হোসেন, আব্দুর রশিদ, হালচাটি গ্রামের সুরেন্দ্র কোচসহ স্থানীয় বাসিন্দারা জানায়, ক্ষেতের ধান পেকে উঠার সাথে সাথে বন্যহাতির তান্ডব বৃদ্ধি পায়। কাংশা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান জহুরুল হক জানান, বর্তমানে তার ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় প্রতিরাতেই হানা দিচ্ছে বন্যহাতির দল। ক্ষেতের পাঁকা ধান খেয়ে দুমড়ে মুচড়ে সাবার করে দিচ্ছে। ফলে এলাকার কৃষকদের চোখে এখন ঘুম নেই।বিপর্যস্ত হয়ে পরেছে পাহাড়ি গ্রামবাসীরা। রাত কাটছে হাতি আতংকে।

























