শ্যামলবাংলা ডেস্ক : ‘হাতি-ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল।’ বলিভিয়ার লাপাজে সমুদ্র পৃষ্ঠ হতে ৩ হাজার ৬৫০ মিটার উচ্চতায় আর্জেন্টিনার জয়ের প্রত্যয়কে এমন প্রবাদের ছলে উপহাস করাই যায়। শক্তিশালী আর্জেন্টিনা দলের বলিভিয়ায় ব্যর্থ হওয়ার গল্প তো কম নয়! সেই হিসেবে এই আলবেসেলেস্তো দলে পুরনো কেবল লিওনলে মেসি। ওটামেন্ডিও কিছুটা। কিন্তু ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে সেই ’নতুন’ আর্জেন্টিনাই জয় করলো লাপাজ। কাতার বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারাল বলিভিয়াকে। ওই জয়টা আর্জেন্টিনার কাছে বিশেষ কিছু। কারণ ১৫ বছর পরে বলিভিয়ার মাঠে জয় পেল আর্জেন্টিনা।

ভয়টা যেমন ছিল ম্যাচে ঠিক তেমনটাই শুরু করেছিল আর্জেন্টিনা। লাপাজের স্টাডিও হার্নান্দো সাইলে ২০০৯ সালে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার গল্প আছে আকাশি-নীল জার্সিধারীদের। এ ম্যাচেও আর্জেন্টিনা ভক্তদের হতাশা উপহার দিতে ২৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক বলিভিয়া। কিন্তু প্রথমার্ধেই সমতায় ফেরে আলবেসেলেস্তেরা।

আর্জেন্টিনার নতুন প্রজন্মের পতাকাবাহী স্ট্রাইকার লউতারো মার্টিনেজ ৪৫ মিনিটে গোল করে দলকে সমতা এনে দেন। এরপর দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে বদলি নেমে গোল করেন জ্যাকুইন কোরেইরা। ২৬ বছর বয়সী ল্যাজিও ফরোয়ার্ড অকাম্পোসের বদলি হিসেবে নামেন। দলকে এনে দেন জয়। তাকে গোলে সহায়তা দেন মার্টিনেজ।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বে এটি আর্জেন্টিনার দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে লিওনেল মেসির দল ১-০ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।


























