জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ আগামী ডিসেম্বরে শেরপুরের নকলা পৌরসভার নির্বাচনের সম্ভাবনা নিয়ে পৌরবাসী এবং ভোটারদের মধ্যে আলাপ আলোচনা এখন তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, চায়ের দোকান এবং রাস্তার মোড়ে মোড়ে ভোটারদের মধ্যে একটাই প্রশ্ন, মেয়র পদে কে পাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন? নৌকা প্রতীক পাওয়ার আশায় ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা দলীয় হাইকমান্ডের পাশাপাশি ভোটারদের সাথেও যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল, সাবেক ছাত্রলীগ নেতা নুরে আলম সিদ্দিকী উৎপল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আক্রাম হোসেন।

অপরদিকে বিএনপি থেকে একমাত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোখলেছুর রহমান তারার ভাতিজা সাবেক উপজেলা যুবদল নেতা এনামুল হক রিপন বেশ জোরেসোরেই তার নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু হলে তার বিজয় নিশ্চিত। অপরদিকে ২০১৫ সনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন পৌরবাসীর জীবনমান উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ, ড্রেন নির্মাণ, পৌর শহরকে সৌর বিদ্যুতের আলোয় আলোকিতকরণসহ দৃশ্যমান বিভিন্ন প্রকল্প গ্রহণ করে পৌরবাসীর আস্থা অর্জন করেছেন। তাছাড়া করোনা বিপদকালীন সময়ে করোনা সংক্রমণ প্রতিরোধে পৌরবাসীর কাছে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এসব কারণে ক্লিন ইমেজের এ মানুষটির নৌকা প্রতীক পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের একটি নির্ভরশীল সূত্র। তবে নির্বাচনে আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে থাকলে তা বিএনপি’র প্রার্থীর ভোটের পাল্লা ভারী করতে পারে বলে বিজ্ঞ মহল মনে করেন।
জানা যায়, ৯টি ওয়ার্ডের ১৮টি মহল্লা নিয়ে নকলা পৌরসভা গঠিত। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৯৪৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৫২ জন আর মহিলা ভোটার ১৫ হাজার ২৯৩ জন। ২০০১ সনে আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত জিল্লুর রহমান নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় নকলা পৌরসভার ঘোষণা দেন। তারপর ২০০৪ সনে প্রথম নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান বিএনপি সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান তারাকে পরাজিত করে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর ২০১১ সনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান তারার কাছে হেরে যান আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান। ২০১৫ সনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন নৌকা প্রতীক নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেয়র মোখলেছুর রহমান তারাকে পরাজিত মেয়র নির্বাচিত হন। ২০১৬ সনে বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনের প্রচেষ্টায় নকলা পৌরসভা দ্বিতীয় শ্রেণির মর্যাদা লাভ করে। পূর্ব থেকেই নকলা পৌর এলাকা আওয়ামী অধ্যুষিত। কিন্তু ২০১১ সনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সামনের নির্বাচনে মেয়র পদে বিএনপির ধানের শীষের প্রার্থীর কাছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পরাজয় ঘটবে না, তার নিশ্চয়তা দেওয়া যায় না বলে মনে করেন সচেতন ভোটাররা।

























