রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ ‘বেগুন বেইচা আমগোর সংসারের খরচ অয়। বেগুনের চাষ আমগোর ভরসা। এইডাও বানে ডুইবা গেছে। অহন ক্যামনে চলুম?’ ৩০ জুলাই বৃহস্পতিবার সরেজমিন গেলে শেরপুরের শ্রীবরদী উপজেলা সদর ইউনিয়নের নিজ মামদামারী গ্রামের কৃষক আলহাজ্ব মো. হাবিবুর রহমান তার বেগুনের ক্ষেতে কীটনাশক ছিটানোর সময় ওইসব কথা তুলে ধরেন। তিনি জানান, গত বছর ১২ কাঠা জমিতে বেগুনের আবাদ করে ৪ লাখ টাকা লাভ করেছেন। এবার বন্যার পানিতে ক্ষেত ডুবে সব বেগুনের গাছ মরে গেছে। অল্প একটু জায়গা বর্ষাকালী বেগুনের চাষ করেছেন। এই ক্ষেতের গাছও মরে যাচ্ছে। তিনি বলেন, ‘বীষ দিতাছি। যদি কিছু গাছ বাঁচে’। তার মতো ছাহেরা খাতুন নামে আরেক কৃষাী বলেন, ‘গেল বছর ৮ কাঠা জমিতে বেগুন করছি। প্রায় ৪ লাখ ট্যাহা অইছিলো। এইবার বান আইয়া সব গাছ মরছে। অহন সংসারের খরচ চালানো মেলা কষ্ট আইবো? পোলাপনগরে পড়ালেহার খরচ ক্যামনে দিমু?’ এমন প্রশ্ন এই নারীর মতো উপজেলা ভেলুয়া, খরিয়াকাজীরচর, গোসাইপুর, কুড়িকাহনীয়া ও তাতিহাটি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামের বেগুন চাষীদের।

জানা যায়, গত দুই সপ্তাহ যাবত টানা বর্ষণ ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে ফসলি জমিসহ প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে বন্যার পানিতে ডুবে গেছে সদ্য রোপিত রোপা আমন ধানের ক্ষেত, আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ও মৎস্য খামার। এর মধ্যে দুইশ হেক্টর জমি বেগুন ক্ষেত। এখন বন্যার পানি কমেছে। তবে মরে যাচ্ছে বেগুনের গাছ। এতে ভেসে গেছে বেগুন চাষীদের স্বপ্ন। লোকসানে পড়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন তারা। চরশিমুলচুড়া বলদিপাড়া গ্রামের কৃষক আব্দুল আলী জানান, কয়েক বছর যাবত বেগুনের চাষ করে সংসারের স্বচ্ছলতা এসেছে। এবার বেগুন বিক্রি করে ঈদের কেনা কাটা করবেন। কিন্তু সেই আশা এখন ধোঁয়াশায় পরিণত হয়েছে। তার প্রতিবেশি কৃষক আবিজল হক জানান, তিনি প্রতি বছর তিন বিঘা জমিতে বেগুনের আবাদ করেন। বিঘা প্রতি খরচ হয় ১০ হতে ১২ হাজার টাকা। বেগুন বিক্রি শুরু হয় বৈশাখ মাসে। প্রতি বিঘা থেকে সপ্তাহে ৪ হতে ৫ হাজার টাকার বেগুন বিক্রি হতো। চলতো কার্তিক মাস পর্যন্ত। বেগুনের চাষ ছিল তাদের একমাত্র ভরসা। তিনি বলেন, চলার মতো আর কোনো পথ নেই। অহন সরহার কিছু দিলে নতুন কইরা সবজি চাষ করতাম। স্থানীয় বেগুন ব্যবসায়ী সাফিজল হক জানান, এই সময় বিভিন্ন এলাকা থেকে প্রতি সপ্তাহে প্রায় দেড়শ মণ বেগুন নিয়ে যেতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এবার বন্যায় প্রায় সব ক্ষেত নষ্ট হয়েছে। এতে তাদেরও আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, এই উপজেলা বিপুল পরিমানের জমিতে বেগুনের চাষ হয়। স্থানীয়ভাবে বেগুনের চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে বেগুন রফতানি হতো। বন্যায় প্রায় ৪০০ হেক্টর আবাদি জমি ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। এর মধ্যে প্রায় ২শ হেক্টর জমি বেগুনের ক্ষেত। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে বীজসহ প্রণোদনা দেয়া হবে।

























