স্বাধীনতার বাঁশিওয়ালা
মুহম্মদ জাইদুল ইসলাম

…………………………………………………..
দু’শ বছরের শৃঙ্খল ভেঙে এনেছি যে স্বাধীনতা
ভোর না হতেই বিস্ময়ে দেখি কাটেনি পরাধীনতা।
এত সাধের স্বাধীনতা মোর পশ্চিমা শাসক লুটে
পশ্চিমাকাশ আলো ঝলমলে পূবাকাশ বিদঘুটে।
বাংলা জুড়ে চেপে বসে হায় প্রগাঢ় ভুতুড়ে রাত
বাংলার আয়ে পশ্চিমে হাসে সুখ রাঙা প্রভাত।
পাক শাসনের পলে পলে চলে শোষণ পীড়ন যন্ত্রণা
বাঙালি জাতিকে দাবায়ে রাখতে আঁটে শত কুমন্ত্রণা।
পশ্চিম পাকিস্তান দিনে দিনে উন্নয়নে হয় আলোকিত
অর্থনীতি, রাজনীতির সূচকে বাংলা থাকে অবহেলিত।
সরকারি চাকরি, সামরিক পদে ওরা সদা অগ্রগণ্য
সুযোগ সুবিধা পাবার বেলায় আমরা তুচ্ছ নগন্য।
বাংলায় ফলে সোনালী ফসল কৃষকের শ্রমে ঘামে
আমাদের ফসল পারিনা কিনতে আমরা ন্যায্য দামে।
আমাদের রক্ত মাংস নিংড়ে যত টাকা হয় আয়
পাকি কুত্তার ক্ষুধা মিটাতে পিন্ডি করাচি যায়।
পশ্চিমে গড়ে বড় ইমারত, মিল কারখানা, রাস্তা
আমরা বাঁচি কোনো রকমে চির রুগ্ন ভগ্ন অবস্থা।
হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সম্মান
শোষকের দল করেনি পরোয়া করতে অপমান।
প্রথম আঘাত হানে জিন্নাহ প্রিয় মাতৃভাষার উপর
রাষ্ট্র ভাষা করে উর্দু প্রাণের বাংলার রচতে কবর।
ছাপ্পান্ন শতাংশের ভাষাকে ওরা করে চরম অবহেলা
বাঙালির চেতনা রুদ্ধ করতে খেলে নিঠুর নোংরা খেলা।
কারফিউ ডেকে, লাঠিপেটা করে চায় চেতনা থামাতে
স্টেনগান, রাইফেল, গ্রেনেডে আমাদের চায় দমাতে।
শেখ মুজিবসহ শত ভাষা প্রেমী নিত্য করে কারাবরণ
শফিক, জব্বার, সালাম দীপ্ত উল্লাসে মৃত্যু করে আলিঙ্গন।
বীর বাঙালির দাবির কাছে নত হয় ঘৃণ্য অপশাসন
উর্দুর সাথে বাংলা পায় রাষ্ট্র ভাষার মর্যাদার আসন।
আমরা বাঙালি সব অন্যায়ে প্রতিবাদে উঠি গর্জে
অধিকার আদায়ে চির বিপ্লবী নির্ভীক শৌর্য বীর্যে।
প্রমাণ পায় কুচক্রী মুসলিম লীগ চুয়ান্নর নির্বাচনে
যুক্তফ্রন্টের কাছে হেরে ওরা যায় চির নির্বাসনে।

(প্রথম অর্ধেক)


























