শেষ মুহূর্তের মনোনয়ন দৌড়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ৫ উপজেলার মধ্যে তৃতীয় ধাপে ৩টি ও পঞ্চম ধাপে ১টি উপজেলার নির্বাচন শেষ হলেও শেষ ধাপে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে সদর উপজেলা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ওই নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় এ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীসহ সম্ভাব্য প্রার্থীদের শেষ মুহূর্তের তৎপরতা শুরু হয়েছে।
এদিকে সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন তা নিয়েও শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। কে হচ্ছেন নৌকার কাণ্ডারি এমন প্রশ্নই এখন ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে জেলার রাজনৈতিক অঙ্গনে।
জানা যায়, এবার শেষ ধাপে অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগ তৃণমূলের ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে কমপক্ষে ৩ জনের নাম পাঠানোর জন্য নির্দেশনা দিলেও তৃণমূলের ভোট ব্যতিরেকে কেবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাতশালা ইউনিয়নের ৩ দফায় নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামের একক নাম কেন্দ্রে পাঠানো হয়। পরবর্তীতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ উন্মুক্ত থাকায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, লছমনপুর ইউনিয়নের দু’দফায় নির্বাচিত চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মিনাল মনোনয়নপত্র সংগ্রহ করে কেন্দ্রে জমা দেন। সেই থেকে প্রস্তাবিত রফিকুল ইসলামের পাশাপাশি তারা দু’জনও দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো এককভাবে প্রস্তাব পাঠানো রফিকুল ইসলামের দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে প্রবল আশাবাদী। অন্যদিকে কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী থেকেও যারা মনোনয়ন পাননি, বিশেষ করে দ্বিতীয় অবস্থানে ছিলেন তারা এবং বর্তমান চেয়ারম্যানদের মধ্যে যারা এখনও সক্রিয়, বয়স্ক-অসুস্থ বা দুর্নীতির কোন মামলায় অভিযুক্ত নন- মনোনয়নের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে- এমন বিষয়টি আলোচিত হওয়ায় এবারও মনোনয়ন পেতে প্রবল আশাবাদী ছানুয়ার হোসেন ছানু ও তার অনুসারীরা। অন্যদিকে মিনহাজ উদ্দিন মিনাল কেন্দ্রে খুব একটা অবস্থান তৈরি করতে না পারলেও মাঠ পর্যায়ে রয়েছে তার একটি বিশেষ অবস্থান। কাজেই মনোনয়ন না পেলেও জেলার অপর ৩টি নির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে ছানু বিদ্রোহী প্রার্থী না হলেও মিনাল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অবতীর্ণ হতে পারেন-এমন গুঞ্জনও রয়েছে।

























