নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় অবাধে নিধন করা হচ্ছে অরণ্যের পাখি। নির্বিচারে নিধন করায় বিলুপ্ত হচ্ছে তাঁতী পাখি বাবুই। ফলে বিপন্নের পথে নিপুন কারিগর বাবুই পাখিসহ পরিবেশবান্ধব অনেক পাখি ।
চন্দ্রকোনা কলেজের একটু আগে হালিম ডাক্তারের বাড়ির পাশে বন্দটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অবাধে বাবুই পাখি ধরা হচ্ছে। রবিবার বিকেলে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় হায়দর কবিরাজ কয়েকজনকে সাথে নিয়ে কারেন্ট জাল দিয়ে বিশেষ কৌশলে বাবুই পাখি ধরছেন। তিনি বন্দটেকী এলাকার সাইফুল ইসলাম কবিরাজের ভাই। বাবুই পাখিগুলো বাঁচার তাগিদে খাদ্যের সন্ধানে এসে নিজেরাই লোভী মানুষের খাদ্যে পরিণত হচ্ছে।
চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেনসহ প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক জানান, কবি রজনীকান্ত সেনের কালজয়ী ‘স্বাধীনতার সুখ’ কবিতাটি অধিকাংশ মানুষের মুখে মুখে শুনা যায়। ওই অমর কবিতাটি এখন ৩য় শ্রেণির বাংলা বইয়ে পাঠ্য হিসেবে অন্তর্ভূক্ত। শুধুমাত্র পাঠ্যপুস্তকের কবিতা পড়েই বর্তমানের শিক্ষার্থীরা বাবুই শিল্পের অলৌকিক নিপুন কারিগরের বিষয়ে জানতে পারছে। শিখতে পারছে নিজের হাতে কাজ করার গুরুত্ব কতটুকু। মানুষের মনে চিন্তার খোরাক জাগ্রত করতো এবং স্বাবলম্বী হতে উৎসাহিত করত ওই বাবুই পাখির নিজের হাতে তৈরী বাসা। কিন্তু এখন আর বাবুই পাখি ও তার নিজের তৈরী দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী সরু চিকন পাতা দিয়ে প্রস্তুত বাসা তেমন আর চোখে পড়ে না। বাবুই পাখির বাসা আজ অনেকটা স্মৃতির অন্তরালে বিলীন হতে চলেছে। অথচ আজ থেকে ১৫/১৬ বছর আগে কোন এক সময় ছিল, যখন প্রতিটি এলাকায় তাল-খেজুর গাছে তাঁতি পাখির কিচির মিচির শব্দ শোনা যেত। দেশের প্রতিটি গ্রাম-গঞ্জের মাঠে ঘাটের তাল গাছে দেখা যেত বাবুই পাখির নিপুণ কারু খচিত তৈরি বাসা।
চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী জানান, তিনি এলাকাবাসীদের নিয়ে এ বিষয়ে সতেনতামূলক ও মতবিনিময় সভা করেছেন। এর ফলশ্রুতিতে ক্রমেই পাখি নিধন বন্ধ হচ্ছে। ভবিষ্যতে তার এলাকায় বাবুই পাখিসহ অন্য কোন অরণ্যের পাখি নিধন করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
পাখিপ্রেমিরা বলেন, পুরাতন গাছ নিধন, বিশেষ করে তালগাছের মত গাছগুলো কর্তন ও ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে অরণ্যের পাখি আজ হারিয়ে যেতে বসেছে। তাছাড়া পাখি হারিয়ে যাওয়ার পিছনে জলবায়ু পরিবর্তন অধিক ক্ষতিকর ভুমিকা রাখছে। এতে করে বাবুই পাখি আজ মহা বিপন্নের পথে হাটছে বলে মনে করছেন তারা। ফলে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি ভেঙ্গে যাচ্ছে ইকোসিস্টেম। ক্ষতিগ্রস্থ হচ্ছে সাহিত্য শিল্পও।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, কৃষকরা নগদ লাভের আশায় ক্ষেতে মাত্রাতিরিক্ত ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করেন। এতে উপকারী পোকামাকড়ের পাশাপাশি মারাযাচ্ছে বাবুই পাখির মত কীটভোগী পরিবেশবান্ধব অরণ্যের অনেক প্রজাতির পাখি। পরিবেশ বান্ধব পাখি কমে যাওয়ায়, বাড়ছে কৃষিপণ্যের উৎপাদন ব্যয়। তাই অতিরিক্ত কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। পাখির বসবাস উপযোগী পরিবেশ সৃষ্টিতে গাছ লাগানোর পাপাশি যেকোন পাখি নিধন বন্ধ তরা জরুরি বলে তিনি মনে করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পাখি নিধন বন্ধ করে, তাদের বংশ বৃদ্ধির লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে পাখির অভয়াশ্রম গড়ে তোলা উচিত। তাছাড়া পাখির উপকারী দিক তুলে ধরার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অরণ্যের পাখি নিধনে আইনের যথাযথ প্রয়োগ করা হবে। তিনি জানান, সম্প্রতি উপজেলার গড়েরগাঁও এলাকা থেকে ডজন খানেক বক অবমুক্ত করা হয়েছে। লোকজনকে নিয়ে করা হয়েছে সচেতনামূলক সভা। এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

























