স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ এমপিও নীতিমালার আলোকে সকল নন এমপিও সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসার তালিকার সাথে এইচএসসি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠানকে সংযুক্ত করে দ্রুত এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারির দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে ‘নন এমপিও এইচএসসি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ শেরপুর জেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কমিটি’র আহ্বায়ক আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা বিএম কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, খড়িয়া কাজিরচর বিএম কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান মুক্তা, ডা. সেরাজুল হক বিএম কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, পাইকুড়া বিএম কলেজের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান প্রমুখ। ওইসময় জেলার বিভিন্ন বিএম কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়।
























