কখনো আঁধার দেখে দাঁড়ির মতোন
থেমে যাইনি আমি
বরং প্রশ্নবোধক চিহ্ন হয়ে ঢুকে গেছি
আঁধারের ওই কালো বোরখার ভেতর;
খুঁজেছি উৎসুক হয়ে আলোর অস্তিত্ব।

মানুষের বড়ো প্রিয় এ আঁধার,
আঁধারেই মানুষের সবকিছু লুটে নেয় মানুষ
অথচ এ আঁধারকেই মানুষের যতো ভয়!
অবাক বিস্ময়ে দেখি,
প্রত্যেক অমাবস্যায় চন্দ্রবিন্দু ভর করে,
আমার মাথার পরে।
সময়ের পিঠে সওয়ার হয়ে জীবন
এক আশ্চর্যবোধক চিহ্ন হয়ে ছুটে চলে…


























