ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরীয়ায় সোমেশ্বরীর ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ৪ ভূমিহীনের বসতবাড়ী। সম্প্রতি অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানির তোড়ে দুপুরীয়া ব্রীজ সংলগ্ন পাইলিং ধ্বসে আব্দুর রেজ্জাক ও লোকমান হোসেনের ২টি বাড়ি বিধ্বস্ত হয়।
ওই গ্রামের আমিনুল ইসলামসহ গ্রামবাসীরা জানান, ওই ২টি বাড়ি বিধ্বস্ত হলেও পাশে নুর ইসলাম ও রবি আলীর আরও ২টি বসতবাড়ি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আব্দুর রেজ্জাক ও লোকমান হোসেন জানান, ওই বসতবাড়ি ছাড়া সহায়-সম্বল বলতে তাদের আর কিছুই নেই। বসতবাড়ি বিধ্বস্ত হওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। নুর ইসলাম ও রবি আলী জানান, নদী ভাঙ্গনের মুখে তারাও এখন আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। যে কোন মুহূর্তে পাহাড়ি ঢলের পানির তোড়ে তাদের বাড়ী দুটিও বিধ্বস্ত হতে পারে। আব্দুর রেজ্জাক ও লোকমান মিয়া বলেন, তাদের বাড়ি বিধ্বস্ত হলেও সরকারিভাবে কোন সাহায্য-সহযোগীতা পাননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার তার দপ্তরে আবেদন করলে বিষয়টি তিনি দেখবেন।

























