স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আজহা- যা আমাদের কাছে কোরবানীর ঈদ নামেই পরিচিত। বাড়ি বাড়ি গরু-খাসির বাড়তি আয়োজন থাকায় এ ঈদকে সামনে রেখে এবার মশলার কেনাকাটাতেও যেন চলছে ক্রেতাদের দৌড়ঝাঁপ।
সরেজমিনে গেলে দেখা যায়, শেরপুর শহরের নয়ানী বাজার মনোহারী দোকানগুলোতে জমে উঠেছে গরম মশলার বাজার। জিরা, এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, পাঁচফোড়ন, জয়ফল, কাঠবাদাম, কাজু বাদাম, কিসমিস, পোস্তদানা, জাফরান, মোরব্বা, কাবাব চিনি, গোটা ধনিয়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচসহ সকল প্রকার মশলার মজুদ যথেষ্ট থাকলেও দাম বেড়েছে সব কিছুতেই। বিশেষ করে কদিন আগেও এলাচ প্রতি কেজি ১২শ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ২৪শ টাকা কেজিতে। জিরা, দারুচিনি, কিসমিসসহ অধিকাংশ মসলাই বিক্রি হচ্ছে প্রায় দেড়গুণ বাড়তি দামে। এছাড়া পেয়াজ, রসুন ও আদারও দাম বেড়েছে আগের তুলনায়।
মশলার বাড়তি দাম সম্পর্কে এক ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কোরবানীর ঈদ উপলক্ষে মশলার চাহিদা বাড়ার পাশাপাশি স্বাভাবিকভাবেই কিছুটা দাম বেড়েছে।


























