জাহিদুল খান সৌরভ, শেরপুর ॥ শেরপুর শহরের নয়আনী বাজারের ফুটপাতসহ রাস্তার অধিকাংশ জায়গা দোকানদের দখলে চলে গেছে। এতে যানজটসহ ওই গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
জানা যায়, জেলা শহরের প্রধান কাঁচাবাজার নয়আনী বাজারে হওয়ায় প্রতিদিন সকাল থেকে রাত অবধি ওই বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় লেগেই থাকে। কিন্তু খরমপুর মোড় থেকে ডিসি গেইট এবং কলেজমোড় থেকে কলাহাটি মোড় পর্যন্ত সড়কের দু’পাশ ভ্রাম্যমাণ দোকানদারকে দখলে থাকছে দীর্ঘদিন যাবত। ফলে ওই পথে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন জায়গায় স্বল্প সময়ে যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
৫ মে রবিবার সরেজমিনে গেলে দেখা যায়, রাস্তার দু’পাশে জনসাধারণের চলাচলের বিন্দু পরিমাণ রাস্তা ফাঁকা নেই। তাছাড়া ব্যবসায়ীদের পণ্য বহনকারী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশার পার্কিং এ দুর্ভোগের মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কথা হয় পথচারী আব্দুল জাফর নামে এক ব্যক্তির সাথে। তিনি বলেন, খরমপুর মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলা ও দায়রা জজ আদালতে অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। কিন্তু রাস্তার দু’পাশে দোকান বসানো, মালামাল ও যত্রতত্র গাড়ির পার্কিংয়ের কারণে এ রাস্তায় নিয়মিত যাতায়াত অত্যন্ত কষ্টকর। শহরের নবীনগরের বাসিন্দা পান ব্যবসায়ী মজনু মিয়া শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, ভাই আমরা গরিব মানুষ। আমাদের নূন আনতে পানতা ফুরায়। দীর্ঘদিন থেকে নয়আনী বাজারে এখানেই ব্যবসা করছি। শহরের কোথাও বসার জন্য জায়গা নাই, তাই নিরূপায় হয়ে এখানে রাস্তার মধ্যেই দোকান দিছি।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, নয়আনী বাজারের যানজট ও রাস্তার ভেতরে দোকান বসানোর ব্যাপারটি আমার নলেজে আছে। আসন্ন ঈদুল ফিতরের পর আমরা পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করব।




