শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘নারীর অধিকার রক্ষার লক্ষ্যে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক মিডওয়াইফ বা ধাত্রী দিবস ও ১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন বা আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ মে রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফদের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়। সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মির্জা মাশরুর, মিডওয়াইফ লুৎফা আক্তার, লাভলী আক্তার, অন্তরা, আলপনা, এসএসএন নুরন নাহার, ইশিদা, নুরন নাহার আক্তার, বিউটি বেগম, অযুফা আক্তার, আলেয়া পারভিন, তানভির, রিনা আক্তার,ছামিয়া জাহান পাপিয়া, রহিমা খাতুন অনিদিও ও শারমিন প্রমূখ। নার্সদের চিকিৎসা সেবায় নানা দিক তুলে ধরে নারীর অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি জনসাধারণের সচেতনতার প্রয়োজন বলে মনে করেন বক্তারা। ওইসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
























