ময়মনসিংহ প্রতিনিধি ॥ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, জামায়াত ও আগুন সন্ত্রাসের পক্ষ নিয়ে খালেদা-তারেকের মুক্তির মিশন নিয়ে ড. কামাল গংরা ঐক্যজোট করেছেন। ড. কামাল বিএনপির খোয়াড়ে প্রবেশ করে ভিন্ন কথা বললেও জনগণ তা বিশ^াস করবে না। তিনি বলেন, খালেদা-তারেক বিএনপিকে একটি সন্ত্রাসী দলে পরিণত করেছেন। তাই খালেদা জিয়া কারাগার থেকে বের হতে পারবেন না, দেশে যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। ২৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এ সব কথা বলেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে মহাজোটের প্রার্থী হিসাবে জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আগামীতে অত্র এলাকায় মিন্টু এমপি হলে আছিমে একটি প্রশাসনিক থানা করা হবে।
হাসানুল হক ইনু আরও বলেন, মহাজোটে সমাজ বদলের জন্য জাসদের প্রয়োজন আছে। জাসদ নীতি ছাড়ে না, রাজাকার ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে জাসদ একটুও ছাড় দিবে না।
জনসভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য ও জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ারুল হোসেন, শফি উদ্দিন মোল্লা, এমপি প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, আ. রহমান সরকার, মো. নজরুল ইসলাম, অ্যাডভেকেট গিয়াস উদ্দিন, অ্যাডভেকেট সাদিক হোসেন, রতন সরকার প্রমুখ । পরে তিনি আছিম মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন।
এর আগে তথ্যমন্ত্রী সভাপতি হাসানুল হক ইনু দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিয়ে মিলিত হন। এসময় জাসদ নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



























