ময়মনসিংহ প্রতিনিধি ॥ টেলিভিশনের টক শো’তে বসে নারী বিদ্বেষী কটুক্তি করার অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৩ অক্টোবর মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওই মামলা দায়ের হলে আদালতের বিচারক রোজিনা খান অভিযোগ আমলে নেন। ভালুকা উপজেলার ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনিরা সুলতানা মনি বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলাটি গ্রহণে অত্র আদালতের এখতিয়ার থাকায় তা সাইবার ট্র্ইাব্যুনালে প্রেরণের নির্দেশ প্রদান করেন হাকিম রোজিনা খান।
মনিরা সুলতানা মনি’র আইজীবী পিযুষ কান্তি সরকার জানান, একটি বেসরকারী টেলিভিশনের টক শো’তে বসে নারী বিদ্বেষী কটুক্তি করার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯(১) ধারায় মামলাটি করা হয়। বাদীর পক্ষে আইনজীবী হিসাবে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, অ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট আবুল কালাম মুসা, অ্যাডভোকেট মুজাক্কির হোসাইন জাকির প্রমুখ।



















