স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে আলহাজ্ব আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার মামদামারী-দিয়ারচর হেলিপ্যাড মাঠে আয়োজিত ওই খেলার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। খেলার নির্ধারিত সময়ে লাল দলকে ২-১ গোলে হারিয়ে সবুজ দল চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সবুজ দলের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় বাবু।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ। মরহুম আলহাজ্ব আব্দুল হাইয়ের পুত্র, মামদামারী খামারবাড়ি ক্রীড়া চক্রের প্রধান উপদেষ্টা ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অধ্যাপক মোস্তফা জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি সাবেক ক্রীড়াবিদ ও সমাজসেবক আকরাম হোসেন মন্টু। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, অধ্যাপক আইয়ুব আলী, ফারমার্স ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন, প্রভাষক আসমত আলী, প্রভাষক একে আজাদ, প্রভাষক আইয়ুব আলী আকন্দ বিদ্যুৎ, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোকাদ্দেস আলী, আবুল কাশেম, আব্দুস সামাদ, হযরত আলী, মামদামারী খামারবাড়ি ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীবরদী লোকাল বয়েজের সভাপতি এজেড রুমান। খেলা শুরুর আগে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজক অধ্যাপক মোস্তফা জিন্নাহ।
খেলাটি পরিচালনা করেন রুহুল হায়দার শামীম। তাকে সহযোগিতা করেন মজিবর রহমান ও আব্দুল মান্নান। খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। টুর্নামেন্টে স্থানীয় পর্যায়ের ৪টি দল অংশগ্রহণ করে।

























