স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’এ প্রকাশিত খবরের প্রেক্ষিতে অবশেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বি’ ইউনিটে ভর্তির আর্থিক সহায়তা পেয়েছে শেরপুরের শ্রীবরদীর হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী রমজান আলী। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর শহরের কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে রমজান আলীর হাতে তুলে দেওয়া হয়েছে ভর্তি ও যাতায়াত সহায়তা বাবদ নগদ ২৭ হাজার টাকা। ওইসময় সহ্য়াতাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী, শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শ্রীবরদীর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা উম্মে তাজনুভা, সভাপতি মাহবুব মোর্শেদ ও সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থী রমজানের ভর্তির অনিশ্চয়তা ও দুঃশ্চিন্তা দূর হলো। এখন সে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নোবিপ্রবি’তে ভর্তি হতে পারবে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার কুরুয়া নিমতলী গ্রামের অতিদরিদ্র রফিকুল ইসলামের ছেলে রমজান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েও মাত্র ২৫ হাজার টাকা জোগাড় করতে না পেরে ভর্তি অনিশ্চয়তায় ভুগছিল। ওই বিষয়ে শ্যামলবাংলা২৪ডটকম’এ ‘নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে মেধাবী শিক্ষার্থী রমজানের স্বপ্ন পূরণে অনিশ্চয়তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ সায়েন্স এন্ড ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক আওরঙ্গজেব আকন্দ সুমনের পরামর্শে সহায়তার উদ্যোগ নেয় ওই প্রতিষ্ঠানের শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ। এরপর ওই পরিষদের তরফ থেকে ১০ হাজার এবং শ্যামলবাংলা পরিবারের তৎপরতায় শেরপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী ১০ হাজার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কৃষিবিদ ড. ফররুখ আহমদ ৫ হাজার ও শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের ২ হাজার টাকায় গড়ে উঠে সহায়তা তহবিল।
ভর্তির আর্থিক সহায়তা পাওয়ার বিষয়ে রমজান আলী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেইসাথে সে যে ভবিষ্যতে মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য সকলের দোয়া কামনা করে।

























