ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস স্টেশন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলেও প্রায় দেড় বছরেও তা উদ্বোধন করা হয়নি।
শেরপুর গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১১-১৫ বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ১৫৬টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। ওই প্রকল্পের আওতায় ঝিনাইগাতী উপজেলায় ধ্রুব ট্রেড এজেন্সি নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান গত বছরের ৩০ জুন ২ কোটি ২৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদ ভবনের বিপরীত পাশে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করে।
শেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ভবন নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর একাধিকবার ভবন হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হলেও জনবল সংকটের কারণে তারা ভবনটি বুঝে নেননি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, এ উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় অনেক ক্ষতি সাধিত হওয়ায় উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন ভবনের নির্মাণের কাজ শেষ হলেও স্টেশনের কার্যক্রম শুরু হয়নি। ফায়ার সার্ভিসের কাযক্রম দ্রুত চালু করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আবুল বাশার বলেন, জনবল সংকটের কারণে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু হচ্ছে না। তবে এ ফায়ার সার্ভিসের জন্য গাড়িসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি আমাদের হাতে এসে পৌঁছেছে।
























