শ্যামলবাংলা ডেস্ক : ভারতের বিপক্ষে হেরে প্রতিযোগিতা শুরু করলেও পরের ২ ম্যাচে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেয়নি বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপ টি২০ ক্রিকেটে থাইল্যান্ডকে ৩৫ রানে হারানোর পর নেপালের মেয়েদের ৯২ রানে হারিয়েছে রুমানা-নিগার সুলতানারা।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে ফাহিমা ও নাহিদার তোপে মাত্র ৪১ রানে অলআউট হয়ে যায় নেপাল। ২৯ নভেম্বর মঙ্গলবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে বাংলাদেশের জয়ের ভিতটা গড়ে দেন দুই ওপেনার সানজিদা ইসলাম ও নিগার সুলতানা।
উদ্বোধনী জুটিতেই ৭১ রান তুলে নেয় টাইগ্রেসরা। এরপরই দ্রুত দুটি উইকেট হারায় বাংলাদেশ। ৭১ রানে সানজিদা ফিরে যাবার পর আয়েশা রহমান আউট হন মাত্র ৪ রান করে। ৪০ বলে ৩৫ রান করেন সানজিদা। দলীয় ১০৩ রানে আউট হন নিগার সুলতানা। ৪১ বলে মাত্র একটি চারে ৩৯ রান করেন নিগার। শেষ ব্যাটসম্যান হিসেবে দলীয় ১০৮ রানে আউট হন শায়লা শারমিন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৩ রানের পাহাড়সম স্কোর গড়ে টাইগ্রেসরা।
জবাবে ৭ রানে প্রথম উইকেটে নেবার পর কোনো রকমের প্রতিরোধ ছাড়াই নেপালের ইনিংস গুড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। চার ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন ফাহিমা খাতুন। এছাড়া ১৮ বলে মাত্র দুই রান দিয়ে দুটি উইকেট নেন নাহিদা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২০ ওভারে ১৩৩/৪ (নিগার ৩৯, সানজিদা ৩৫, শায়লা ১৯, রুমানা ১৭; সংগীতা ২/৩১, সীতা মাগার ১/১৮, রুবিনা ছেত্রী ১/২৮)
নেপাল: ১৭.৩ ওভারে ৪১/১০ (সীতা ১৫, ইন্দু বর্ম ৯, রুবিনা ৭, সংগীতা ৪; ফাহিমা ৪/৮, নাহিদা ২/২, জাহানারা ১/২, পান্না ১/৮)
ফল: বাংলাদেশ ৯২ রানে জয়ী।

ম্যাচ সেরা: ফাহিমা খাতুন (বাংলাদেশ)

























