শ্যামলবাংলা ডেস্ক : দলে শেহজাদ-স্যামুয়েলস-খালিদ লতিফদের মতো আন্তর্জাতিক তারকা। মাশরাফি-ইমরুল, লিটন দাসদের মতো জাতীয় পর্যায়ের নায়কদের নিয়েও ম্যাচের পর ম্যাচ হেরেছে কুমিল্লা। একটা সময় তো ‘জয়’ শব্দটার কথা প্রায় ভুলেই যেতে বসেছিলেন মাশরাফি। অনেক চেষ্টার পর ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখে কুমিল্লা।
পরের দুই ম্যাচে আবার সেই অবস্থা! অবশেষে নবম ম্যাচে এসে নিজেদের মনের মতো করে জিতল বিপিএল গত আসরের শিরোপাধারীরা। কুমিল্লা জিতলেও অবশ্য প্রতিযোগিতায় তেমন কিছু আসে যায় না। তবে আজ মঙ্গলবার ৮ উইকেটের জয়ে মাশরাফিদের গর্ব করার মতো অনেক কিছুই আছে।
আজ ফেভারিটের মতোই বরিশাল বুলসকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাটিং করে ১৪২ রান তোলে বরিশাল। এই আসরের নিরিখে বরিশালের সংগ্রহটাকে বেশ বড়ই বলতে হবে। কারণ সোমবার রাজশাহীর করা ১২৮ রান পার করতে পারেনি রংপুর।
তাই জয়ের জন্য ১৪২ রানকে যথেষ্টই বলতে হয়। তবে আহমেদ শেহজাদ, ইমরুল কায়েসদের ব্যাট যেদিন চলে সেদিন কোনো রানকেই যথেষ্ট বলা যায় না। আজ সেটাই হলো। উদ্বোধনী জুটিতে ৯৩ রান তুলে ম্যাচটাকে ‘পানসে’ করে দিলেন ইমরুল ও শেহজাদ। ৩৫ বলে ৪৬ রান করে ইমরুল আউট হলেও শেহজাদের মন কিন্তু ভরেনি।
হাফ সেঞ্চুরি তো করেছেনই সাথে দলকেও জিতিয়ে দিলেন এই পাক ব্যাটসম্যান। ৬৩ রান করে মুশফিকের দুর্দান্ত ক্যাচে ফিরলেও ততক্ষণে প্রায় জিতে গেছে কুমিল্লা। শেষ পর্যন্ত এক ওভার হাতে রেখেই বরিশালের ১৪২ রান টপকে যায় কুমিল্লা।
এর আগে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার স্পিনারদের তোপে পড়ে ৯২ রানে সাত উইকেট হারায় বরিশাল। শেষের দিক তাইজুল, আবু হায়দার রনি আর এনামুল হক মিলে বরিশালের স্কোরটাকে টেনে ১৪২ পর্যন্ত নিয়ে যান।

সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল বুলস ২০ ওভারে ১৪২/৮ (মুশফিক ২৯, মেন্ডিস ২৮, এনামুল ২০, তাইজুল ১৪, রনি ১৬; নাবিল সামাদ ৩/১৭, রশিদ ২/২১)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯ ওভারে ১৪৫/২ (শেহজাদ ৬৩, ইমরুল ৪৬, স্যামুয়েলস ২৭; ডেভিড মালান ১/৮, রুম্মান রইস ১/৩৮)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে জয়ী।

























