স্টাফ রিপোর্টার ॥ নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম ক্রীড়ানুষ্ঠান বিভাগীয় কমিশনার ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৫ নভেম্বর শুক্রবার। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। এ উপলক্ষে ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা কালেক্টরেট অঙ্গণ থেকে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স¦াগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জেলা ফুটবল উপ-পরিষদের সভাপতি মানিক দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল উপ-পরিষদের সাধারণ সম্পাদক হাকিম বাবুল। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়া ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উন্নত সমৃদ্ধ সমাজ গড়তে ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও মুক্ত চর্চার বিকল্প নেই। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও নবগঠিত ময়মনসিংহ বিভাগের ৪ জেলার জনসাধারণের মাঝে ভাতৃত্ববোধ ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় মহিলা দলের ক্রিকেটার হিসেবে শেরপুর থেকে জ্যোতি ও সোহাগী দেশে-বিদেশে তাদের সফলতার সাক্ষর বহন করে চলেছে। এটা শেরপুরের গর্ব। বিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের এ ধারা অব্যাহত রেখে শেরপুর থেকে ফুটবলেও নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক শেরপুর জেলা দলের জার্সি উন্মোচন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগ গঠনের পর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ হচ্ছে প্রথম ক্রীড়া অনুষ্ঠান। আর এটি শুরু হচ্ছে শেরপুর থেকে। এতে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলা দল ‘হোম এন্ড অ্যাওয়ে’ ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রতিটি জেলাতেই একটি করে ভেন্যু থাকছে এবং অন্য জেলা দলগুলো স্বাগতিক ভেন্যুতে গিয়ে খেলবে। সর্বোচ্চ পয়েন্টধারী দু’টি দল ফাইনালে খেলবে। টুর্নামেন্টে প্রতিটি দলকে ভেন্যু খরচ ও অংশগ্রহণ মানি বাবদ ৮০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। উদ্বোধনী খেলায় শেরপুর জেলা দল বনাম নেত্রকোণা জেলা দল অংশ নেবে। টুর্ণামেন্ট উদ্বোধন করবেন শেরপুর- (সদর) আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। সভাপতিত্ব করবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোজাম্মেল হক, শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

























