রেজাউল করিম বকুল, শ্রীবরদী : আকাশে মেঘ জমলেই ছুটি হয় শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ভবনের দেয়ালে অসংখ্য ফাটল। চালায় হাজারো ফুটো। যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে ভবনটি। প্রায় এক বছর যাবত এ আতঙ্ক আর উৎকন্ঠার মধ্য দিয়ে ক্লাশ চালাচ্ছেন শিক্ষকরা। এতে পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে বেশ আগেই জানানো হলেও তাদের টনক নড়ছে না। ফলে এ বিদ্যালয়ের প্রায় দু’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবক ও এলাকাবাসী।
শ্রীবরদী উপজেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে উত্তর গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি স্থাপিত হয়েছে ১৯৭৩ সালে। ১৯৮৮ সালে চার কক্ষ বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মিত হয়। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দু’শ। শিক্ষক ৫ জন। শিক্ষকরা জানান, বর্ষার শুরু থেকে আকাশে মেঘ দেখলেই ছাত্র-ছাত্রীদের ছুটি দিতে হচ্ছে। কারণ ঘরের চালায় বড় বড় অসংখ্য ছিদ্র হয়েছে। বৃষ্টি এলে ঘরের ভিতরে পানিতে ভরে যায়। এছাড়াও দেয়ালে অসংখ্য ফাটল। যে কোনা মুহূর্তে ধসে যেতে পারে ভবনটি। সব সময় আতঙ্কের মধ্যে ক্লাশ করাতে হচ্ছে তাদের। বিষয়টি জানার পর কর্তৃপক্ষ কয়েকবার পরিদর্শনও করে গেছেন। তবে আজও কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়ালেখা। ফলে বার্ষিক সমাপনী পরীক্ষাতে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশংকা করছেন তারা। ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ময়না খাতুন, আশরাফুন নাহার ও জান্নাত আরা জানায়, রোদ ওঠলে সূর্যের তাপ আসে ঘরে। বৃষ্টি এলে ঘরের ভেতর পানিতে ভরে যায়। বেঞ্চ টেবিল ভিজে নষ্ট হয়ে থাকে। এতে অনেক সময় ওদের বই খাতা নষ্ট হয়ে যায়। ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সৈয়দা আকতার বলেন, আমরা প্রয়োজনীয় কোনো কাগজপত্র রাখতে পারি না। বৃষ্টির পানিতে সব ভিজে। সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ক’মাস যাবত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এতে আমাদের আরও বেশি আতঙ্কে থাকতে হচ্ছে। সহকারি শিক্ষিকা পারভিন আক্তার বলেন, আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে ক্লাশ করাচ্ছি। এরপর বৃষ্টির আশংকা করলেই ছুটি দিতে হচ্ছে। ম্যানেজিং কমিটির সদস্য ও গোসাইপুর ইউপি মেম্বার রবিউল ইসলাম বলেন, এখানের শিক্ষকরা খুব ভাল। তারা বিদ্যালয়টি ভাল করার জন্যে যথেষ্ট শ্রম দিচ্ছেন। কিন্তু বিদ্যালয় ভবনের কারণে তা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত এ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দাবি তুলেছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায় বলেন, আমরা বিদ্যালয়টি সংস্কারের জন্য তালিকা দিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

























