স্টাফ রিপোর্টার : বংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সেইলর অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোনা জেলাকে গোলবন্যায় ভাসিয়েছে শেরপুর জেলার ক্ষুদে ফুটবলররা। ৪ জুলাই শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় নেত্রকোনার বিপক্ষে ১০-০ গোলের বড় জয় পেয়েছে শেরপুর জেলা একাদশ। শেরপুরের পক্ষে স্ট্রাইকার জিহান একাই ডবল হ্যাট্রিক (৬ গোল) করেন। এছাড়া দলের পক্ষে শাহীন দু’টি, সুখন ও রেজুয়ান একটি করে গোল করে। ছন্দময় ফুটবলের প্রদর্শনীতে পুরো খেলায় শেরপুরের ক্ষুদে ফুটবলাররা একতরফা প্রধান্য বিস্তার করে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর আরও ৫ গোল করে ১০-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলায় বড় জয় পেয়ে খুশি শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সাধারন সম্পাদক মানিক দত্ত জানান, আমাদের ছেলেরা আক্রমণাত্মক খেলে বড় পেয়েছে। এ টুর্নামেন্টটির জন্য ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। কোচ জিন্নত আলীর তত্বাবধানে দুই সপ্তাহ একনাগাড়ে অনুশীলন করেছে। পরিশ্রমের ফসল এই জয়। ছেলেদের পারফরমেন্সে আমরা দারুণ খুশি। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম সহ ডিএসএ ও ডিএফএ’র বেশ কয়েকজন কর্মকর্তাও দলটিকে উৎসাহ দেওয়ার জন্য তাদের সাথে টাঙ্গাইল অবস্থান করছেন। টাঙ্গাইল ভেন্যুতে ঢাকা বিভাগের ৮ টি জেলা দল নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

























