শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। ৬ জুলাই সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ঝিনাইগাতী উপজেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। একই সঙ্গে সততা, দায়িত্বশীলতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য আরও দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গ্রামের উপকারভোগীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত উপকারভোগীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।




