গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দের উপর আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে শহর জামায়াতের উদ্যোগে জেলা শহরের ডিসি গেইটে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর শহর শাখার আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
শেরপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য ডা.আনোয়ার হোসাইন, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, শেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও ন্যাক্কারজনক। এ দেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে দ্রুত প্রতিহত ও অপসারণ করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গোপালগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে যদি শেরপুরেও যদি বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করা হয়, তবে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।




