শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় ২০-২৫ টি বন্যহাতির একটি পাল তান্ডব চালিয়ে খ্রিস্টান মিশন ও বসতবাড়ি তছনছ করেছে। ৩১ জানুয়ারি বুধবার রাতে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লী ও ডালুকোনা এলাকায় বসতবাড়িতে রাতব্যাপি তান্ডব চালায় বন্যহাতির পালটি।

বন বিভাগ, গ্রামবাসী ও ভুক্তভোগীরা জানায়, খাদ্যের সন্ধানে ২০-২৫ টি বন্য হাতির একটি পাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে সেখানকার কলাগাছ খেয়ে সাবার করে দেয়। হাতির তান্ডব থেকে বাঁচতে ধর্মপল্লীর লোকজন ডাকচিৎকার করে পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে ওই হাতির পালটি শেষ রাতের দিকে পাশের ডালুকোনা এলাকায় তান্ডব শুরু করে। এসময় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিতালি ঘাগড়ার ঘরে ঢুকে সেখানে রাখা বস্তাভর্তি চাল খেয়ে সাবার করে হাতির পাল।
ক্ষতিগ্রস্ত মিতালি ঘাগড়া বলেন, ক্ষুধার্ত হাতির পাল আইছিলো। লোকে বাঁধা দিতে গেলে প্রাণে মেরে ফেলতে তেড়ে আসে হাতি। পরে গ্রামবাসীরা মিলে ডাকচিৎকার করে ও পটকা ফুটিয়ে বৃহস্পতিবার সকালে হাতির পালকে তাড়ানো হয়। বারোমারি এলাকার বাসিন্দা লিটন ডেবিট বলেন, এক সময় গারো পাহাডের প্রাকৃতিক বনে লতা আর পাহাড়ি ফলমূলে ভরপুর ছিল। ওসব লতা আর ফলমূল খেয়ে হাতি জীবন ধারন করতো। এখন সেই প্রাকৃতিক বন কেটে সামাজিক বনায়ন করা হয়েছে। তাই পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতির পাল পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঘরবাড়িতে খাবারের সন্ধানে তান্ডব চালায়।

বারোমারী খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, গতকাল বুধবার মাঝরাতে বন্যহাতির পাল মিশন এলাকায় ঢুকে তান্ডব চালায় । আসলে বনে খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির পাল মাঝে মধ্যেই মিশন এলাকায় ঢুকে পড়ছে। বনে হাতির খাবারের ব্যবস্থা কিরা হলে হাতিও লোকালয়ে আসতো না।
এ ব্যাপারে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে খাদ্যের সন্ধানে ২০-২৫ টি বন্যহাতির একটি পাল লোকালয়ে নেমে এসে তান্ডব চালায়৷ বর্তমানে হাতির পালটি সীমান্তের পাহাড়ী এলাকায় রয়েছে। তবে মানুষকে সচেতন করতে জানমাল রক্ষা করতে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে।
























