শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আর নেই। তিনি ২ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯ টায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ২ স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
৩ সেপ্টেম্বর রবিবার বেলা আড়াইটায় নলকুড়া ইউনিয়নের শালচুড়া উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় হাজারও মুসল্লী অংশ নেন।

এদিকে বিএনপি নেতা আব্দুস সালামের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলীসহ বিএনপির নেতাকর্মীরা মরহুমের রূহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিগভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
























