ওয়ার্মআপ করে ম্যাচের আবহে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করবেন, উইকেটে গিয়ে দাঁড়ালেন। এক এক করে ফিল্ডাররাও পজিশন নিলেন। খেলোয়াড়দের সব বুঝিয়ে দিয়ে মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাউন্ডারি লাইনের কাছাকাছি আসতেই পেছন থেকে কট-কট শব্দ।

হাথুরুও থমকে দাঁড়ালেন। ন্যাড়া মাথাটা পেছনের দিকে একটু হেলা করে, তাকালেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির ফ্লাডলাইটের দিকে, সেখানেই আগুন ধরে কট-কট করে কিছু পুড়ছিল। খেলোয়াড়েরাও সবাই অবস্থান ছেড়ে এক জায়গা জড়ো হলেন কোচিং-স্টাফসহ।
সময়ক্ষেপণ না করেই সবগুলো ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়। যার ফলে দেড়-দুই মিনিটের মধ্যে আগুন নিভে যায়। মূলত মেঘলা আবহাওয়ায় আলোক স্বল্পতার কারণে ফ্লাডলাইটে অনুশীলন করছিল বাংলাদেশ দল। আগুন নিভলেও ধোঁয়া বের হচ্ছিল, ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই অনুশীলন শুরু করেন খেলোয়াড়েরা।

কিছুক্ষণ সব খুঁটির ফ্লাডলাইট বন্ধ ছিল। পরে আগুন লেগে যাওয়া ইনডোরের দিকের তথা পূর্ব গ্যালারির ফ্লাডলাইট বন্ধ রেখে বাকিগুলো জ্বালিয়ে দেওয়া জয়। সে আলোতেই দিবা-রাত্রি অনুশীলন করছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের এই এশিয়া কাপ প্রস্তুতি চলবে ২৫ আগস্ট পর্যন্ত। পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।

























